'মেসিদের আমরা ভয় পাই না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান। ছবি: এএফপি।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান। ছবি: এএফপি।

আক্রমণের অপেক্ষায় থাকা হিংস্র সিংহের সামনে পড়লে কী করবেন? হয় আপনি খাবার হবেন, আর হাতে অস্ত্র থাকলে সিংহকেই বধ করতে হবে। যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান এখন শেষ মন্ত্রটাই জপে দিচ্ছেন ছাত্রদের কানে। আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের আগে এ ছাড়া আর উপায়ই–বা কী!

কোপা আমেরিকার বিশেষ আসরে যুক্তরাষ্ট্রের শুরু হয়েছিল কলম্বিয়ার কাছে হার দিয়ে। এরপর অবশ্য আর কোনো হোঁচট নয়, পরের তিন ম্যাচে ডেম্পসিরা দিয়েছেন ৭ গোল। আর স্বাগতিকদের জালে বল ঢুকেছে মাত্র একবার। কিন্তু প্রতিপক্ষ যখন আর্জেন্টিনা, এমন ফর্ম নিয়েও যে খুব আশাবাদী হওয়ার উপায় নেই। গত ম্যাচে নেমেও লিওনেল মেসি গোল করে আভাস দিয়েছেন স্বরূপে ফেরার। যুক্তরাষ্ট্রের দুশ্চিন্তার কারণ আছে বটে!

তবে ক্লিন্সমান মনে যা–ই থাকুক, মুখে কিছু স্বীকার করলেন না, ‘আমরা ওদেরকে একদমই ভয় পাচ্ছি না। আমরা ওদের সম্মান করি। তবে আমি অনুশীলন শুরুর আগে খেলোয়াড়দের বলেছি, এ রকম সুযোগ জীবনে একবারই আসে। তোমরা সেমিফাইনালে উঠেছ, সবাইকে গর্বিত করেছ। এখন আরও বেশি দূর যাওয়ার সুযোগ। এটা হবে বিশেষ একটা মুহূর্ত।’

লড়াই করার প্রতিশ্রুতিও দিলেন যুক্তরাষ্ট্রের জার্মান কোচ, ‘আমরা কামড় দিতে, লড়তে, তাড়া করতে প্রস্তুত। সেটার সঙ্গে আমরা বাড়তি কিছু করতে পারলে ভালোই হবে। আমাদের রক্ষণটা একেবারে নিরেট হতে হবে, সেই কাজটা সহজ হবে না। তবে পুরো টুর্নামেন্টে আমাদের রক্ষণ দারুণ খেলেছে।’

ক্লিন্সমানের কথায় তো জমজমাট একটা ম্যাচের আভাসই পাওয়া যাচ্ছে।