'মেয়েদের স্বপ্ন দেখতে দিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত সেই ইনিংসের পর হারমানপ্রীত। ছবি: রয়টার্স
দুর্দান্ত সেই ইনিংসের পর হারমানপ্রীত। ছবি: রয়টার্স

বিশ্বকাপের সেমিফাইনাল। প্রথম দশ ওভারে ২ উইকেট হারিয়ে দলের রান ৩৫। এমন অবস্থায় নেমে একজন কি-বা করতে পারেন? কাল থেকে এ প্রশ্নের উত্তর হবে, কেন? হারমানপ্রীত যা করেছিলেন! এই ব্যাটারের ১৭১ রানের রোলারে অস্ট্রেলিয়াকে পিষ্ট করে বিশ্বকাপের ফাইনালে চলে গেছে ভারত। যে ইনিংসের পর হারমানপ্রীতের মায়ের দাবি, মেয়েদের খুন না করে বাঁচতে দিন, স্বপ্ন দেখতে দিন! 

কাল থেকেই কপিল দেব ও হারমানপ্রীত কর নাম দুটি একসঙ্গে উচ্চারিত হচ্ছে। ১৯৮৩-এর বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৫ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছিলেন ভারত অধিনায়ক। পরিস্থিতি বিবেচনা করলে হারমানপ্রীতের ইনিংসটি যেন আরও বিস্ময় জাগানিয়া। অস্ট্রেলিয়ার মতো বোলিং লাইনআপের বিপক্ষে ৪২ ওভারে নেমে আসা এক ম্যাচে এমন ইনিংস। দলের দশ ওভার প্রায় শেষ হওয়ার পর নেমেছেন, মাঠ ছেড়েছেন ১৭১ রান নিয়ে। ২০ চার ও ৭ ছক্কার ইনিংসে খেলেছেন মাত্র ১১৫ বল।
অথচ ইনিংসের প্রথম ৬০ বলেও টের পাওয়া যায়নি কী ঝড়টা ধেয়ে আসছে অস্ট্রেলিয়ার দিকে। ৬০ বলে ৪১ রান করা হারমানপ্রীত পঞ্চাশ ছুঁয়েছেন ৬৪ বলে। পরের পঞ্চাশ ছুঁতে লেগেছে এর অর্ধেকেরও কম বল, ২৬। আর এক শ থেকে দেড় শ রানের সময় তো ছুটেছেন রীতিমতো উল্কাগতিতে। ১৭ বলে পাওয়া ওই ফিফটিতে মাত্র ৪২ ওভারে ২৮১ রান তোলে ভারত। পরে ৩৬ রানের জয়ে এক যুগ পর বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত।
এমন ইনিংস যিনি খেলেছেন তাঁকে নিয়ে পরিবার গর্ব করবে এটাই স্বাভাবিক। তবে এ গৌরব যেন দেশের সব মা-বাবারই করার সৌভাগ্য হয় সেটাই চাওয়া হারমানপ্রীতের মায়ের। ভারতের বেশ অনেক দিন ধরে চলতে থাকা কন্যা-ভ্রূণ অপসারণের যে কুপ্রথা চালু হয়েছে, সেটা বন্ধের দাবি জানিয়েছেন তিনি, ‘আমি অন্য সব মাদের বলছি, আমার মেয়ে আমাদের গর্বিত করেছে। ঠিক সেভাবে তাদেরও উচিত তাদের মেয়েদের স্বপ্ন দেখার সুযোগ করে দেওয়ার। জন্মের আগেই তাদের খুন কোরো না।’
এ জন্য বাবাদের ভাবনাচিন্তাও বদল করার অনুরোধ জানিয়েছেন হারমানপ্রীতের মা। তাঁর কন্যা যে আজ ক্রিকেটার হয়ে দেশকে আনন্দে ভাসাচ্ছে, এর পেছনে মূল ভূমিকা রেখেছে তো তাঁর বাবা। বাবার উৎসাহেই রবিবার বিশ্বকাপের ফাইনালে খেলার সুযোগ হচ্ছে হারমানপ্রীতের। সূত্র: ডেকান ক্রনিকলস।