'মোস্তাফিজ আরও বড় কিছু করে দেখাবে'

বার্মিংহামে কাল পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ভালো খেলার আত্মবিশ্বাস নিয়ে এই টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছেন মাশরাফিরা। বাংলাদেশ অধিনায়কের আরও বড় প্রাপ্তি, আয়ারল্যান্ডে দেখা গেছে দুর্দান্ত মোস্তাফিজুর রহমানকে।
৪ ম্যাচে মোস্তাফিজ বোলিংয়ের সুযোগ পেয়েছেন তিনটিতে। ৭ উইকেট নিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে তিনি সবার ওপরে। মাশরাফির আশা, সামনে ‘ফিজ’ আরও ভালো করবেন, ‘এক বোলারের ওপর আমরা নির্ভর করছি না, তবে গত কয়েক বছর ধরে মোস্তাফিজ সত্যিই ভালো করছে। অস্ত্রোপচারের পর দারুণভাবে ফিরে এসেছে। সামনে সে আরও বড় কিছু করে দেখাবে।’
ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছয়ে ওঠার আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ শুরু করতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। এখানেই শেষ নয়, মাশরাফি এগোতে চান আরও সামনে, ‘র্যাঙ্কিংয়ে ছয়ে ওঠা আমাদের জন্য আনন্দের। দল এতে খুশি। তবে আমরা এখান থেকে আরও এগোতে চাই। যত দূর পারি, আরও ওপরে উঠতে চাই। এই টুর্নামেন্ট আমাদের জন্য কঠিন হতে যাচ্ছে। কঠিন গ্রুপে পড়েছি। তবে নিজের দিনে যেকোনো কিছুই হতে পারে। আমাদের সেই মানের খেলোয়াড় আছে, যারা ম্যাচের ছবি বদলে দিতে পারে। আমাদের একটা দল হয়ে খেলতে হবে, যা আমরা করে আসছি।’ সূত্র: আইসিসি।