'মোস্তাফিজ নেই তাই...'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বছর পর ম্যাচ-সেরা সাকিব। ছবি: প্রথম আলো।
দুই বছর পর ম্যাচ-সেরা সাকিব। ছবি: প্রথম আলো।

অনেক দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচসেরার পুরস্কার উঠল সাকিব আল হাসানের হাতে। কত দিন পর? প্রায় দুই বছর তো হবেই। ২০১৪-এর ২১ নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ এক সেঞ্চুরি ও ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। এরপরের বিরতিটা বেশ লম্বাই।
এই সময়ের মধ্যে বাংলাদেশ খেলেছে ৪৮টি আন্তর্জাতিক ম্যাচ। আছে অনেক স্মরণীয় সাফল্যও। কিন্তু ম্যাচের নায়ক হতে পারেননি সাকিব। গত দুই বছরে সবচেয়ে বেশি ম্যাচসেরার পুরস্কার উঠেছে তামিম ইকবালের হাতে। বাঁহাতি ওপেনার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পাঁচবার। চারবার ম্যাচসেরা হয়ে এরপরই আছেন আরেক ওপেনার সৌম্য সরকার। তিনবার করে ম্যাচসেরা হয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান ও সাব্বির রহমান। একবার করে মাশরাফি বিন মুর্তজা, তাইজুল ইসলাম, এনামুল হক ও ইমরুল কায়েস।
বাংলাদেশ দলে এখন পারফরমারের অভাব নেই, সাকিবের হাতে ম্যাচসেরার পুরস্কার উঠতে দেখা সে কারণেই হয়তো ‘দুর্লভ’ই হয়ে উঠেছে। তার মানে এই নয় যে তিনি ভালো করছেন না। ভালো করছেন ঠিকই, কিন্তু সেটা হয়তো ‘সেরা’ হয়ে উঠছে না। বহুদিন পর কাল ব্যাটে-বলে সেই দুর্দান্ত সাকিবের দেখা মিলেছে। আফগানিস্তানের বিপক্ষে স্নায়ুক্ষয়ী ম্যাচে বাংলাদেশের দারুণ জয়টা তো তাঁর হাত ধরেই।
বহুদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচ হয়ে কাল সংবাদ সম্মেলনে সাকিবকে পাওয়া গেল ফুরফুরে মেজাজেই। ‘হ্যাঁ, মোস্তাফিজ নেই, তাই একটা সুযোগ এসেছে!’ সাকিবের রসিকতায় হাসির হুল্লোড় পড়ল সংবাদ সম্মেলনে। অবশ্য ম্যাচের নায়ক হতে পেরে চোখে-মুখে সাকিবের তৃপ্তির ভাবটাও বোঝা গেল ভালো করেই, ‘ভালো লাগে যেকোনো অর্জন বা স্বীকৃতি পেলে। আমার মূল কাজ হচ্ছে দলের জয়ে অবদান রাখা। নিয়মিত অবদান রাখলে ফল এমনিতেই আসবে। এটা আসলে চিন্তা করার বিষয় নয়। ম্যান অব দা ম্যাচ তো কেউ বলে-কয়ে হয় না। আপনি অবদান রাখার চেষ্টা করবেন। সবচেয়ে বেশি অবদান রাখতে পারলে দিন শেষে সেরা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আপনার।’