'ম্যাকগ্রাকে সামলানোই ছিল সবচেয়ে কঠিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাকগ্রার কাছ থেকে বল ​ফিরিয়ে নেওয়া যেত না! ফাইল ছবি
ম্যাকগ্রার কাছ থেকে বল ​ফিরিয়ে নেওয়া যেত না! ফাইল ছবি

ডাকনাম ছিল ‘পায়রা’। তাই বলে শান্ত-সুবোধ ছিলেন না মোটেও। পায়রা যতই শান্তির প্রতীক হোক, গ্লেন ম্যাকগ্রাকে সামলাতে নাকি রিকি পন্টিং হিমশিম খেয়ে যেতেন। অধিনায়ক হিসেবে কোন খেলোয়াড়টিকে নেতৃত্ব দেওয়া সবচেয়ে কঠিন ছিল—এমন প্রশ্নের জবাবে ​এই পেসারের নামই বলেছেন পন্টিং।


অবশ্য এমন নয়, কারণটা শৃঙ্খলাজনিত। এমন নয়, দলকে উজাড় করে দিতে কার্পণ্য করতেন ম্যাকগ্রা। বরং উল্টোটাই। পন্টিং জানালেন, ম্যাকগ্রাকে বোলিং থেকে সরানোই যেত না। সেই চেষ্টা করা মানে ‘​পিজন’কে খেপিয়ে তোলা।

ম্যাকগ্রার আলাভোলা চেহারা ভুল বার্তা দেয় মন্তব্য করে পন্টিং বলেছেন, ‘সবাই হয়তো এক কথায় উত্তর দেবে, ওকে সামলানোই ছিল সবচেয়ে সহজ। ওর হাতে বল তুলে দিন, ও আসবে আর নিজের কাজটা ঠিকঠাক করে যাবে। হ্যাঁ, তা সে করত তো বটেই। তবে কখনো কখনো এমন সময় আসত, যখন তার কাছ থেকে বল কেড়েও নিতে হতো।’

আর এই সময়টাই ছিল সবচেয়ে কঠিন। পন্টিং বলেছেন, ‘আমি ওকে বলতাম, বন্ধু যথেষ্ট হয়েছে, এবার একটু বিশ্রাম নাও। আর পরের ১০-১৫ মিনিট ও জামার হাতায় মুখ খুলিয়ে আশপাশে হাঁটত আর যত রকম গালি ছিল আমার উদ্দেশে বর্ষণ করত।’

শুধু পন্টিং? মেজাজ ততক্ষণ না শান্ত হতো, ম্যাকগ্রা তাঁর রাগ দর্শকদের ওপরও উগরে দিতেন! সাধারণত ডিপ ফাইন লেগে ফিল্ডিং করতেন ম্যাকগ্রা। আর সে সময় আশপাশের দর্শকদের ওপরও গজরাতেন। কারণ একটাই—তাঁকে যে বল করতে দেওয়া হচ্ছে না!

নিজেকে এভাবে উজাড় করে দেওয়ার সাক্ষী হয়ে আছে ১২৪ টেস্টে নেওয়া ৫৬৩ উইকেট। পেসারদের মধ্যে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট ম্যাকগ্রারই।