'ম্যাচ ধরে ধরে এগোচ্ছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
নুরুল হাসান
নুরুল হাসান
লিস্ট ‘এ’ ম্যাচে নুরুল হাসানের অভিষেক ২০১০ সালের অক্টোবরে। কাল বিকেএসপিতে ৪১তম লিস্ট ‘এ’ ম্যাচে করলেন নিজের প্রথম সেঞ্চুরি। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে খেলেছেন ১০৮ রানের নিখুঁত এক ইনিংস। বাংলাদেশের হয়ে ৬টি টি-টোয়েন্টি খেলা প্রাইম ব্যাংকের এই উইকেটকিপার-ব্যাটসম্যান বললেন প্রাসঙ্গিক নানা বিষয়ে

* লিস্ট ‘এ’ ম্যাচে প্রথম সেঞ্চুরি করে নিশ্চয়ই ভালো লাগছে। কিন্তু সেঞ্চুরির পর আপনাকে উদ্যাপন করতে দেখা গেল না কেন?
নুরুল হাসান: সেঞ্চুরি করে অবশ্যই ভালো লাগছে। কঠোর পরিশ্রমের ফল পেলে ভালো লাগবে, সেটাই স্বাভাবিক। আর উদ্যাপন নিয়ে বলব, ওই সময় মনে হয়েছে করব না, তাই করিনি। তাৎক্ষণিকভাবে মাথায় যা এসেছে সেটাই করেছি।
* প্রথম শ্রেণির ক্রিকেটে ৪টি সেঞ্চুরি আছে আপনার। কিন্তু এক দিনের ম্যাচে সেঞ্চুরি পেতে একটু দেরিই হলো...
নুরুল: প্রিমিয়ার লিগ কিংবা লিস্ট ‘এ’-তে বেশির ভাগ সময় নিচের দিকে, নির্দিষ্ট করে বললে সাত নম্বরে বেশি ব্যাটিং করেছি। এই পজিশনে আসলে বড় রান করার সুযোগ থাকে না। উইকেটে গিয়ে গড়ে ২০-৩০টা বল পাওয়া যায়। এ কারণে দেখবেন ৪০-এর ঘরে আমার বেশ কিছু ইনিংস আছে। ওই সময় লম্বা ইনিংস খেলার সুযোগ কম থাকে।
* এবার লিগে চার নম্বরে ব্যাটিং করে বেশ সাফল্য পাচ্ছেন। এটাই কি আপনার প্রিয় ব্যাটিং পজিশন?
নুরুল: এবার নির্দিষ্ট কোনো জায়গায় খুব বেশি ব্যাটিং করতে পারিনি। কখনো সাতে-আটে, কখনো বা ওপেনিংয়েও নেমেছি। কয়েকটি ম্যাচে চার নম্বরে ব্যাটিং করেছি। এভাবে বারবার ব্যাটিং পজিশন পরিবর্তন হলে পারফরম্যান্সে প্রভাব পড়ে। একেক ব্যাটিং পজিশনে একেক রকম পরিকল্পনা থাকে। তবে দলের প্রয়োজনটাই মূল কথা। দল যেখানে চেয়েছে, আমি সেখানেই ব্যাটিং করেছি। চার নম্বরে যখন নেমেছি, অনেক সময় পেয়েছি, রানও করেছি। আর প্রিয় ব্যাটিং পজিশন বললে বলব, সময় পেলে ভালো হয়। তাতে ইনিংসটা লম্বা করা যায়।
* সাধারণত শট খেলতে, নাকি এক-দুই করে রান বাড়াতে স্বচ্ছন্দবোধ করেন?
নুরুল: এটা আসলে পরিস্থিতির ওপর নির্ভর করে। যখন চার-ছক্কা মারার দরকার, শট খেলি। আবার যখন দ্রুত স্ট্রাইক বদলানোর দরকার, এক-দুই করে রান নিতে থাকি।
* রূপগঞ্জের সঙ্গে দৌড়েই ৬৮ রান নিয়েছেন। দ্রুত স্ট্রাইক বদল করতে আপনি বেশ স্বচ্ছন্দ...
নুরুল: চার নম্বর ব্যাটিং পজিশনে ইনিংস লম্বা করার বিষয় থাকে। এ সময় লক্ষ্য থাকে এক-দুই রানে জোর দেওয়ার। গরমে একটা সময় ক্লান্ত লাগছিল। দ্রুত সামলে নিয়েছি।
* ৭ ম্যাচে আপনার রান ২৮২, প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ। লিগে শীর্ষ ব্যাটসম্যানদের তালিকায় জায়গা করে নেওয়ার লক্ষ্য নিশ্চয়ই আছে?
নুরুল: ম্যাচ ধরে ধরে এগোচ্ছি। দলের প্রয়োজনে প্রতি ম্যাচে যদি ভালো করতে পারি তাতেই আমি খুশি। দলে আমার ভূমিকা উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে। সব সময় চেষ্টা করি দুটিতেই ভালো করতে।
* এবারের লিগে জাতীয় দলের খেলোয়াড়েরা ভালো করছেন। বাংলাদেশ দলের বাইরের খেলোয়াড়েরাও দুর্দান্ত। কীভাবে দেখছেন বিষয়টি?
নুরুল: এটা অবশ্যই ইতিবাচক দিক। প্রিমিয়ার লিগ যত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, আমাদের ক্রিকেটের জন্য সেটা ততটাই ভালো।