'যত দোষ এখন চুইংগামের!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটে-বলে হেরে অস্ট্রেলীয়রা এখন চুইংগামকে অস্ত্র বানিয়েছে!
ব্যাটে-বলে হেরে অস্ট্রেলীয়রা এখন চুইংগামকে অস্ত্র বানিয়েছে!

কাঁধের চোটের কারণে বড় ধরনের অস্ত্রোপচার লেগেছে। ডেল স্টেইন তাই আপাতত ক্রিকেটের বাইরে। কিন্তু অধিনায়ক ফাফ ডু প্লেসির বিরুদ্ধে চুইংগামের লালা দিয়ে বল টেম্পারিংয়ের যে অভিযোগ, তা নিয়ে টুইটারে দুকথা বলার লোভটা সামলাতে পারেননি দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার।

যথারীতি সেই কথার তিরের লক্ষ্য অস্ট্রেলিয়া। সরাসরি না হলেও আকারে-ইঙ্গিতে স্টেইন বলে দিয়েছেন, ব্যাটে-বলে দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হেরেও অস্ট্রেলিয়ানদের মানসিকতার কোনো পরিবর্তন হয়নি। অস্ট্রেলীয়রা নিজেদের মানসিকভাবে শক্তিশালী মনে করে, অথচ নিজেদের ব্যর্থতার জন্য তারা এখন দোষারোপ করছে চুইংগামকে। স্টেইন তাই টুইট করেছেন, ‘ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে হার। মানসিকভাবে তারা আমাদের চেয়ে তবু নাকি শক্ত! একটা কাজ করলে কেমন হয়? চলুন, ব্যর্থতার সব দায়টা একটা চুইংগামের ওপর চাপিয়ে দিই আমরা।’

স্টেইন অবশ্য এই টুইটটি যে অস্ট্রেলীয় ক্রিকেট দলকে উদ্দেশ্য করে লেখা, সেটি অস্বীকার করেছেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, এটি অস্ট্রেলীয়দের দোষারোপ করে বলা নয়। তবে এটা ঠিক যে এমন দারুণ একটা সিরিজ জয়ের আনন্দ ও গৌরব চুইংগাম নিয়ে সৃষ্টি জটিলতায় নষ্ট হবে, এটা হতে দিতে পারি না। আমাদের লক্ষ্য ৩-০।’

স্টেইন যা-ই বলুন, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু প্লেসি যে নিষেধাজ্ঞার শঙ্কায় আছেন, তা বেশ পরিষ্কার। শুক্রবার আইসিসি ডু প্লেসির বিপক্ষে অভিযোগপত্র নিশ্চিত করে বলেছে, ভিডিওতে নাকি পরিষ্কার দেখা গেছে, হোবার্টের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক মুখের চুইংগামের লালা বলে ঘষছেন। দুবারের বেশি এমনটি করেছেন ডু প্লেসি। কাগিসো রাবাদার করা ওই ওভারটিতে তিন বলের মধ্যে আউট হয়ে যান পিটার নেভিল ও জো মিনি। অভিযোগ প্রমাণিত হলে ডু প্লেসি একটি টেস্ট নিষিদ্ধ হতে পারেন। খুব শিগগির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সামনে এ ব্যাপারে শুনানি হবে।

সূত্র: এনজেড ডট স্পোর্টস।