'যুদ্ধে'র প্রচ্ছদে শান্তির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধ? বাতাসে বারুদের গন্ধ খুঁজতে চাইলে হতাশ হবেন। কানে বাজবে না দুন্দুভি। বিষমাখা তিরে ঠাসা তূণ নেই। নির্ভুল নিশানায় তাক করে নেই অর্জুনেরা। সোহরাব-রুস্তমরাও শাণ দিচ্ছেন না তলোয়ারে।
ভারত-পাকিস্তান লড়াইয়ের আগের দিনের ছবিটা ঠিক উল্টো। হুমকি নেই, পাল্টা জবাবের উত্তাপ নেই, প্রতিশোধের আগুন নেই। বরং আছে বন্ধুত্বের আহ্বান। অর্জুন-রুস্তমদের হাতে তির-তলোয়ারের বদলে শান্তির পায়রা!
কিছুদিন ধরে যুযুধান দুই পক্ষের সম্পর্ক যেন সবচেয়ে খারাপ পর্যায়ে গিয়ে ঠেকেছে। রাজনীতির সাতপাঁচে না-থাকা মানুষের অগণন মৃত্যু। রক্তের সেই ছোপ ছোপ দাগ এসে পড়েছে দুই দেশের সম্পর্কে। রাজনীতি আর কূটনৈতিক সম্পর্কে যখন আগুন জ্বলতে থাকে, তার আঁচ ক্রিকেটে এসে পড়বেই।
আর সর্বগ্রাসী আগুনও সাদা-কালো চেনে না। সেই আগুনের ক্ষুধা বাড়ছেই। এমনকি বিখ্যাত গজলশিল্পী গুলাম আলীকে ফিরে যেতে হয়েছে গান না করেই। অথচ সংগীতের কোনো সীমানা নেই! কিন্তু শিবসেনাদের ছড়ানো উগ্র জাতীয়তাবাদের ধোঁয়ায় আচ্ছন্ন চারদিক, কট্টর স্লোগানের আড়ালে চাপা পড়ে গেছে শান্তির-বন্ধুত্বের আহ্বান।
সংগীতের কোনো সীমানা যেমন নেই, জঙ্গিবাদীদেরও কোনো দেশ নেই। দুই দেশের কর্তাব্যক্তিরা কি তা বুঝবেন? এই যুগে রাজনীতির বড় পুঁজি যে হয়ে উঠেছে ঘৃণা আর বিদ্বেষ! ঘৃণাই বুঝি সবচেয়ে ভালো বিকোয়!
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের ‘প্রিভিউ’য়েও তাই বড় একটা জায়গা দখল করে রাখছে রাজনীতিই। আশার কথা হলো এই, মহেন্দ্র সিং ধোনিরা এই উত্তাপ গায়ে মাখছেন না। শহীদ আফ্রিদিরাও। পাকিস্তানের অধিনায়ক স্পষ্ট করেই বললেন, ‘দুই দেশের সম্পর্ক উন্নয়ন করতে পারে ক্রিকেট। মানুষে মানুষে লড়াই আর কত! আমার তো মনে হয়, পাকিস্তানিরা যেমন মনেপ্রাণে চায় আমরা ভারতের সঙ্গে খেলি, ভারতের মানুষও তা-ই চায়। খেলাটায় রাজনীতির রং না দিলেই কি নয়?’
ভারতের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা রোহিত শর্মার মুখেও ‘প্রতিশোধ’ শব্দটা এল না। এমনকি এশিয়া কাপে দুই দলের সর্বশেষ লড়াই, টান টান উত্তেজনায় শেষ ওভারে গড়ানো ম্যাচ, আফ্রিদির পরপর দুই ছক্কায় পাকিস্তানের ম্যাচ বের করে আনা—এসব জ্বালানি জুগিয়েও ‘হতাশ’ হতে হলো প্রশ্নকর্তা সাংবাদিককে। রোহিত মৃদু হেসে বললেন, ‘দুই বছর আগে কী হয়েছে সেটা নিয়ে এখনো পড়ে আছেন!’
আশ্চর্য তো! পরদিন ভারত-পাকিস্তান লড়াই, অথচ দুই দলের মধ্যে কোনো উত্তাপ নেই! কিরণ মোরের সামনে জাভেদ মিয়াঁদাদের সেই ‘ব্যাং লাফানি’র ছবিটা হয়তো সময়ের ছাতা পড়ে ধূসর। কিন্তু আফ্রিদি বনাম গৌতম গম্ভীরের ঠোকাঠুকি তো টাটকাই! এবার কি মাঠেও এমন নিরুত্তাপ...।
ভয় পাবেন না, একবার কলোসিয়ামে নেমে গেলে গ্ল্যাডিয়েটররা এতটা শীতল মেজাজে থাকে না। কিন্তু মাঠের মাঝখানের কুড়ি-কুড়ি ৪০ ওভার লড়াইয়ের আগে ও পরের ছবিটাও এবার খুবই গুরুত্বপূর্ণ। টসের আগে এক হাতে মাথার ক্যাপটা আলতো নাড়িয়ে হাত বাড়িয়ে দুই অধিনায়ক করমর্দন করবেন। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়েরাও অনুসরণ করবেন এই অলিখিত ক্রিকেটীয়-কেতা। কুংফু-কারাতে প্রতিপক্ষের শরীর থেকে রক্ত ঝরানোর খুনে নেশাটাই শুধু সত্যি নয়, লড়াইয়ের আগে-পরে দুই প্রতিপক্ষে মাথা নুইয়ে ‘বাও’ করে সম্মান জানানোও ভীষণ সত্যি।
অতীতের সব লড়াইয়ের হিসাব ভুলে যান। আজ ভারত-পাকিস্তান সমানে সমান থেকেই মাঠে নামছে। ২০১৪ এশিয়া কাপে ভারত হেরেছিল ঠিকই, কিন্তু সেটি ছিল ওয়ানডে। এই ঢাকাতেই তার কদিন পরে দুই দল মুখোমুখি হয়েছিল টি-টোয়েন্টিতে। সেবার কিন্তু জিতেছিল ভারতই। এবারও এশিয়া কাপের ম্যাচটি টি-টোয়েন্টি বিশ্বকাপেরই ‘প্রস্তুতি’ ম্যাচ হয়ে যাচ্ছে। ১৯ মার্চ এই দুই দল আবার মুখোমুখি হবে, ধর্মশালায়। রাজনীতির ধোঁয়াশা যে ম্যাচটিকে ফেলে দিয়েছিল সংশয়ে। অবশেষে জানা গেল বিশ্বকাপ বয়কট করছে না পাকিস্তান। ভাবুন তো, বিশ্বকাপে যদি পাকিস্তান না থাকত?
এই দুটি দলকেই ক্রিকেটের ভীষণ প্রয়োজন। এই দুটি দল মুখোমুখি হলে কে জিতবে, তা বলা মুশকিল বলেই রোমাঞ্চ এত বেশি। আবার এও সত্যি, ভারত-পাকিস্তান লড়াইয়ের আগেই জিতে যায় ক্রিকেট, ক্রিকেটের রোমাঞ্চ।
সেই রোমাঞ্চের পসরা অবশ্যই পাবেন আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। পিএসএলের কারণে টুর্নামেন্ট শুরু হওয়ার পর সবার শেষে বাংলাদেশে পৌঁছানো পাকিস্তান প্রথম ম্যাচে বাউন্সারের বিষ নিয়ে হাজির হবে। কোহলি-রোহিতদের ব্যাটও তো সপাটে পুল-হুক করতে জানে। কোহলিরা খুব ভালো করেই জানেন, পৃথিবীর আর সব বোলারের বলে পুল করা আর পাকিস্তানের কোনো বোলারকে পুল করার আনন্দে হাজার গুণ তফাত। একইভাবে আমিররাও জানেন, কেবল ভারতীয় কোনো ব্যাটসম্যানের স্টাম্প ছত্রখান করাতেই স্বর্গীয় আনন্দ।
প্রায় ছয় বছর পর ভারতের বিপক্ষে ম্যাচ খেলার স্বাদ পাবেন বলেই হয়তো কাল মোহাম্মদ আমিরকেই মাঠে সবচেয়ে তৎপর দেখাল। ভারতের অনুশীলনে আশিস নেহরা আর ধোনি ছিলেন না। আজ দরকার হলে ধোনি যে গোটা কয় পেইনকিলার নিয়ে হলেও মাঠে নামবেন, নিশ্চিত।
নিশ্চিত, আপনিও রোমাঞ্চ থেকে বঞ্চিত হবেন না। কিন্তু ওই যে, ‘যুদ্ধ’ শব্দটা জোর করেও বসানো যাচ্ছে না। কোচ ওয়াকার ইউনিস যেন ফুটবল ‘খেলিয়ে’ই ক্রিকেটের ‘মহারণে’র জন্য তৈরি করতে চাইলেন শিষ্যদের। আর রবি শাস্ত্রী? পিঠের নিচে কী একটা গোল মতোন জিনিস ঠেস দিয়ে ধরে মাঠে গড়াগড়ি করলেন ট্রেনারকে নিয়ে। যুদ্ধ? তা-ই যদি হয়, দুই ‘জেনারেল’কে এমন নির্ভার দেখাবে কেন!
যুদ্ধই যদি হবে কেন মাঠে দৌড়ে চক্কর দিতে থাকা হরভজন সিং পাশ কাটিয়ে যাওয়ার সময় অকস্মাৎ দুষ্টুমির খোঁচা মারবেন মোহাম্মদ হাফিজের পিঠে। আর হাফিজও বহু বহু বছর পর ‘আপিস অঞ্চলে’ হঠাৎ বন্ধুকে দেখতে পাওয়ার উচ্ছ্বাস নিয়ে, ‘আরে ইয়ার’ বলে ছুটে যাবেন?
আজ মাঠে দুই দলের ক্রিকেটীয় লড়াইটা যেমন সত্যি, তেমনই সত্যি মাঠের বাইরের এই বন্ধুত্বও। এখন আপনি শুধু এক চোখ দিয়ে লড়াইটাকে দেখবেন, নাকি দুই চোখ দিয়ে বন্ধুত্বকেও, তা ঠিক করার দায় আপনার!