'যেকোনো দলকেই চেপে ধরতে পারে মাশরাফিরা'

হাবিবুল বাশারের নেতৃত্বেই ২০০৬ সালে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছিল বাংলাদেশ। ব্যাট-প্যাড তুলে রাখার পর মাঝেমধ্যে কলম ধরেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। এবার যেমন চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে হাবিবুল কলাম লিখছেন আইসিসির ওয়েবসাইটে। এই টুর্নামেন্টে বাংলাদেশ কতটা সফল হতে পারে, নিজের কলামে সেই ছবিই আঁকছেন হাবিবুল।
ওয়ানডেতে বাংলাদেশ এখন সমীহজাগানো এক দল। তবে ওয়ানডেতে গত তিন বছরে বাংলাদেশের বেশির ভাগ সাফল্য এসেছে দেশের মাটিতে। হাবিবুল মনে করেন, বাংলাদেশ এখন ভালো করতে পারে বিদেশেও। এই আত্মবিশ্বাসটা কীভাবে আসছে, সেটির ব্যাখ্যা দিয়েছেন ৫০ টেস্ট ও ১১১ ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান, ‘আত্মবিশ্বাসটা আসছে অভিজ্ঞতা থেকে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও মাশরাফি মুর্তজার মতো দুর্দান্ত খেলোয়াড় আছে। এরা বেশির ভাগই আন্তর্জাতিক ক্রিকেটে এক দশক ধরে আছে। বিশ্বের সব জায়গায় খেলেছে। ৫০ ওভার ক্রিকেটের চাহিদা এবং এটির সবদিক তারা বোঝে। সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমানের মতো উজ্জীবিত তরুণদের নিয়ে ভারসাম্যপূর্ণ এক দল, বাংলাদেশকে যারা পৌঁছে দিতে পারে সাফল্যের তীরে।’
সাফল্যটা মুঠোয় ভরতে হলে ইংল্যান্ডের উইকেটকে ভালোভাবে বুঝতে হবে বাংলাদেশকে। উইকেটের চরিত্র যেমনই হোক, হাবিবুলের কল্পচোখে বাংলাদেশের অনাগত সাফল্যই ধরা পড়ছে, ‘জুনের প্রথমার্ধে ইংল্যান্ডের পিচ কেমন হয়, সেটির ওপর সব নির্ভর করছে। যদি শুকনো থাকে, আশা করি বাংলাদেশের স্পিনাররা দৃশ্যপটে চলে আসবে। যদি অন্য কিছু হয়, বিশ্বের যেকোনো দলকে বিপাকে ফেলার মতো পেস আক্রমণ আমাদের আছে। জানি এটা কঠিন। আমরা পড়েছি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের গ্রুপে। তবে বিশ্বাস করি, মাশরাফি, মোস্তাফিজ, রুবেল হোসেন ও তাসকিন আহমদকে নিয়ে গড়া বোলিং আক্রমণ চেপে ধরতে পারে বিশ্বের যেকোনো দলকেই।’
শুধু বোলাররা নয়, ইংলিশ কন্ডিশনে বড় পরীক্ষা দিতে হবে ব্যাটসম্যানদেরও, বিশেষ করে টপ অর্ডার, যাদের সামলাতে হবে নতুন বল। হাবিবুল তাই বলছেন, ‘সুইংয়ের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানরা কেমন খেলে সেটা দেখার বাকি। যদি ব্যাটসম্যানরা নতুন বল ভালোভাবে খেলতে পারে, বাংলাদেশ ভালো করবে। তবে টপ অর্ডার যদি দ্রুত ভেঙে পড়ে, ভালো মানের পেসাররা বড় পরীক্ষা নেবে বাংলাদেশের।’ সূত্র : আইসিসি।