প্রায় দেড় মাসের মহাযজ্ঞের পর্দা নামছে আজ। এমসিজিতে বিশ্বকাপের শেষ ‘যুদ্ধে’ মুখোমুখি তাসমান সাগরের দুই পাড়ের দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ফাইনালের আগে কথা বলেছেন দুই অধিনায়ক, মাইকেলক্লার্ক ও ব্রেন্ডনম্যাককালাম

ডানেডিনের সেই ছোট্ট ছেলেটি কি কখনো ভাবতে পেরেছিল, কাল (আজ) যা হতে যাচ্ছে?
ব্রেন্ডন ম্যাককালাম: হ্যাঁ, আমাদের এত দূরে আসাটা বিস্ময়করই। তবে এটিই আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। আমরা শুরু থেকেই এমন স্বপ্ন দেখে এসেছি। ফাইনালে এসে ৫০-৫০ সুযোগ সৃষ্টি করাটা বিশাল অর্জন। সামনে এখন একটিই বাধা। কাল যদি ভালো খেলতে পারি, দিনের শেষে আমরাই হাসব। নিউজিল্যান্ডকে উদ্দীপ্ত করা একটা অসাধারণ যাত্রার দিকে ফিরে তাকাতে পারব।
এমসিজিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন ফাইনালই চেয়েছিলেন?
ম্যাককালাম: এটিই মনে হয় ন্যায্য। অস্ট্রেলিয়ার উঠোনে লাখ খানেক মানুষ, এমসিজির ইতিহাস-ঐতিহ্য আর একটা খুবই ভালো অস্ট্রেলিয়া দল। আমার মনে হয়, এটিই চূড়ান্ত খেলা। যেটি আমাদের খেলতে হবে সামর্থ্য অনুযায়ী।
অকল্যান্ড আসার সময় আপনি কোনো এক সতীর্থকে বলেছিলেন, কোনো কিছুই কঠিন নয়। এ মন্ত্রই কি আপনাদের এত দূরে আনল?
ম্যাককালাম: কোনো চ্যালেঞ্জই অনতিক্রম্য নয়। কঠোর পরিশ্রম, নিবেদন আর আত্মবিশ্বাস লাগে। নিশ্চিত করতে হয়, সবার লক্ষ্য একই। তাহলেই আপনি এমন ‘ব্র্যান্ডের’ ক্রিকেট খেলতে পারবেন, যেটি সাফল্য নিশ্চিত না করলেও আপনাকে সেরা সুযোগটি এনে দেবে। আমরা যেভাবে গোটা টুর্নামেন্টে খেলেছি, সেভাবেই খেলব। আশা করি, চাপের মুহূর্তে ওপরওয়ালা আমাদের দিকে ফিরে তাকাবেন।
এমসিজির আকার নিয়ে অনেক কথা হচ্ছে। দেশের মাটিতে খেলার সঙ্গে এমন সুবিশাল স্টেডিয়ামে খেলাকে কীভাবে তুলনা করবেন?
ম্যাককালাম: আমরা তো বিশ্বজুড়েই খেলেছি। আপনি যদি আবুধাবির দিকে তাকান, সেটিও অনেক বড়। এমসিজির মতো অবশ্যই নয়। তবে বর্তমান সময়, ব্যাটের আকারের কথা ভাবলে দেখবেন চার-ছয় সবখানেই হয়। আমরা সেভাবেই মানিয়ে নেব।
ড্যানিয়েল ভেট্টোরির চোটগ্রস্ত শরীরের কথা ভাবলে কি আপনি বিস্মিত হন, কীভাবে মাঠে তিনি এত প্রভাব রাখছেন! আপনি আর আপনার সতীর্থরাই বা তাঁর ক্যারিয়ারকে কীভাবে দেখেন?
ম্যাককালাম: তার ক্যারিয়ারজুড়েই তো বিস্ময়। নিউজিল্যান্ডের ক্রিকেট, এমনকি গোটা বিশ্বেরই সে একজন অসাধারণ দূত। জীবনের অর্ধেকটা সময় সে এই খেলায় দিয়েছে। সে অসাধারণ একজন সতীর্থ, বন্ধু। আমার মনে হয়, ক্যারিয়ার শেষেও এই দলে খেলার অনেক স্মৃতি থাকবে তার। আমাদের এ পর্যায়ে আসার জন্য সে অনেক প্রেরণা জুগিয়েছে। তার প্রতি ম্যাচে খেলা নিয়ে আমি বিস্মিত হই না, কী পরিমাণ পরিশ্রম করে তা তো আমি জানি!
মার্টিন ক্রোর কলামটা পড়েছেন? হতে পারে, ফাইনালই তার দেখা শেষ ম্যাচ। তাঁকে এখানে পেয়ে আপনার দলের কেমন লাগছে?
ম্যাককালাম: পড়েছি। তিনি দারুণ লেখেন। যে অবস্থার মধ্য দিয়ে তিনি যাচ্ছেন, সত্যিই অনেক কঠিন। আমরা তাঁকে সম্পৃক্ত করেছি। এই তো কয়েক দিন আগে তাঁর সঙ্গে সময়ও কাটিয়েছি। তিনি আমাদের অনুপ্রাণিত করেন। আশা করি, জীবনের বাকি সময়ে তিনি একটু শান্তি পাবেন। (আইসিসি)
