'যেভাবে বদলে গেল ডি ভিলিয়ার্স'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডি ভিলিয়ার, জ্যাক ক্যালিস
ডি ভিলিয়ার, জ্যাক ক্যালিস

ব্যাট হাতে একের পর এক তাণ্ডবে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। কিন্তু তাঁর সাবেক এক সতীর্থ মোটেও অবাক নন! ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে নিজের এক লেখায় জ্যাক ক্যালিস জানিয়েছেন বিস্মিত না হওয়ার বিস্ময়কর তথ্য! শুনিয়েছেন ডি ভিলিয়ার্সের বদলে যাওয়ার কাহিনিও। লেখাটির উল্লেখযোগ্য অংশ দেওয়া হলো এখানে—
রাতারাতি যারা নায়ক বনে যায়, তাদের গড়ে উঠতে আসলে অনেক সময় লাগে—পুরোনো এই প্রবাদ এবি ডি ভিলিয়ার্সের ক্ষেত্রে একদম সত্যি। বছরের পর বছর ধরে সে অবিশ্বাস্য ব্যাটিং করে চলেছে। রেকর্ড ভাঙার প্রদর্শনী মেলে ধরেছে। যদিও গোটা বিশ্বের আগ্রহ ও মনোযোগের কেন্দ্রে আসতে শুরু করেছে সাম্প্রতিক সময়ে। লোকে ওকে নিয়ে কথা বলছে। সাম্প্রতিক সময়ে গতিটা আসলেই বাড়িয়েছে এবি। তবে সত্যি বলতে, আমি একটুও বিস্মিত নই। ২১ বছর বয়সেই ও যা পারত, আর কেউ তা পারত না। কথাটি অবশ্য ওর আট বছর বয়স থেকেই বলা হচ্ছিল।
একটিই মাত্র সমস্যা ছিল। এটা শেখা যে ‘কখন ও কোথায়’। সবকিছুই করতে পারত সে, সবকিছু। শুধু জানত না কখন, কোন পরিস্থিতিতে করতে হবে। সেটা বুঝতে পারল ২০০৮ সালে। আমি বলব ওর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে মিড অনে আলতো এক ক্যাচ দিয়ে আউট হলো বাজেভাবে। এরপর অধিনায়ক গ্রায়েম স্মিথ ও কোচ মিকি আর্থার ওর সঙ্গে কথা বলল। একদম খোলামেলা কথা, কোনো রকম শিথিলতা ও সহানুভূতি না দেখিয়ে। ওরা বলেছিল যে, ‘তোমার এখন সময় হয়েছে প্রতিভার প্রমাণ পারফরম্যান্সে দেখানোর। করে দেখাও।’ হেডিংলিতে পরের ম্যাচেই এবি ১৭৪ করল। আমাদের জয়ের ভিত্তি গড়ে দিয়েছিল ওই ইনিংস। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ, বুঝতে শিখেছিল যে প্রতিভার পরিচর্যা কীভাবে করতে হয়।

তার পর থেকেই নিজের পরিচর্যা খুব ভালোভাবে করে আসছে ও। অনেকেই এখনকার এবিকে দেখে চমকে যাচ্ছেন, কিন্তু ও বরাবরই এমন ছিল। বছর তিনেক আগে পার্থে একটা ইনিংস খেলেছিল, আমার দেখা সেরা টেস্ট ইনিংসগুলোর একটি। ১৬৯ রানের ওই ইনিংসের শেষ ৭০ রান করেছিল এখনকার মতো ওয়ানডে মেজাজে। যত দিন ধরে আমি এবিকে চিনি, ওর মধ্যে কখনোই ‘নিজস্ব’ বলে কিছু ছিল না। এমনিতে সব সময়ই ও দারুণ আত্মবিশ্বাসী। জানত তার পক্ষে করা সম্ভব সবকিছুই। কিন্তু কখনোই নিজেকে দলের চেয়ে বেশি প্রাধান্য দেয়নি। অন্য আর দশটা তরুণ প্রতিভার চেয়ে এখানেই এবি ছিল আলাদা, বুঝত কোনটিকে প্রাধান্য দেওয়া প্রয়োজন।
এবি যদি টেস্টে ৮০ বলে ১২০ রান করতে পারে, কিংবা ওয়ানডেতে তেমন কোনো ইনিংস, সেটি কিন্তু এই জন্য নয় যে সে দেখিয়ে দিতে চায়। এই জন্য যে ওটা দলের প্রয়োজন। বছর তিনেক আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে দলের প্রয়োজনে সে ২৩০ বলে ৩২ রান করেছে। ওর মতো একজনের জন্য সেটিকে বলব অসাধারণ অর্জন। এটি শুধু ওর স্কিলের পূর্ণতাই তুলে ধরেনি, ফুটিয়ে তুলেছে ওর মানসিক শক্তি। কেউ একজন বলেছিল, ‘তুমি তো প্রতিটা বল ব্লক করতে পারবে না। নিজের সহজাত ব্যাটিংই করো।’ ওর জবাব ছিল, ‘আমি কি করতে পারি বা পারি না, এসব আমাকে বলতে এসো না!’ শুধু বলেইনি, করেও দেখিয়েছে।
ব্যক্তিগতভাবে এবি কী অর্জন করতে পারে, সেটার সীমা জানা নেই আমার। একমাত্র সীমা হলো দলের সাফল্য, কারণ ও সবকিছুই করে দলের জন্য। এত দিন ধরে ওকে চিনি, কখনোই ব্যক্তিগত রেকর্ডে বিন্দুমাত্র আগ্রহের কথা বলেনি। আমি নিশ্চিত, এই মানসিকতা কখনোই বদলাবে না।
এবি গলফও খুব ভালো খেলে। যেটি খুব বিরক্তিকরও। একমাত্র এখানেই তো ওকে হারানোর সুযোগ আছে আমার! আশা করি, ওর ক্রিকেট ক্যারিয়ার শেষে কিছু হাড্ডাহাড্ডি লড়াইয়ের গলফ ম্যাচ খেলতে পারব আমরা। তবে আপাতত, ক্রিকেট মাঠে আরও অনেক দিন ওকে দেখতে মুখিয়ে আছি!

টার্নিং পয়েন্ট
২০০৮ লর্ডস টেস্টের আগে ও পরে ডি ভিলিয়ার্স
টেস্ট
রান গড় ১০০
আগে ৪১ ২৬১৩ ৩৯.৫৯ ৫
পরে ৫৭ ৪৯৯৩ ৬২.৪১ ১৬

ওয়ানডে
আগে ৬৭ ২১৪৭ ৩৭.৬৬ ৩
পরে ১১৫ ৫৫২৯ ৬২.৮২ ১৭