'রং ওয়ান' দিয়ে রাঙালেন রশিদ

আগের দিন মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে নেমেছিলেন মোহাম্মদ নবী। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে গতকাল রশিদ খান মাঠে নেমে ইতিহাসটা তাই গড়তে পারেননি। নইলে ১৯ বছর বয়সী এ লেগ স্পিনারই হতেন বিগব্যাশে খেলা প্রথম আফগান ক্রিকেটার। তাই বলে রশিদের ঘূর্ণিজাদু থেমে থাকেনি। বিগব্যাশে অভিষেকেই হয়েছেন ম্যাচসেরা!
সিডনি থান্ডারের বিপক্ষে অ্যাডিলেডের জয়ে রশিদের ভূমিকা ২২ রানে ২ উইকেট। পারফরম্যান্সটা তেমন আহামরি কিছু না হলেও ম্যাচটা যাঁরা দেখেছেন, তাঁরা জানেন, ফ্লাইট আর গুগলির বৈচিত্র্যে রশিদ কী দারুণ বোলিংই না করেছেন! এর মধ্যে ১১তম ওভারে সিডনির রায়ান গিবসনকে উইকেটের পেছনে ক্যাচ বানানোর ঠিক এক বল পরই দেখিয়েছেন আসল ভেলকি। বাঁ হাতি ব্যাটসম্যানের বিপক্ষে ওটা ছিল একটা নিখুঁত ‘রং ওয়ান‘! বেন রোহর তা পড়তে না পেরে বোল্ড আউট হন। ১৬৪ রান তাড়া করতে নেমে ৬৯ রানেই ৪ উইকেট হারানো সিডনি এরপর আর বেশি দূর এগোতে পারেনি।
১৭তম জন্মদিনের প্রায় এক মাসেরও কম সময়ের আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল রশিদ খানের। এর প্রায় দেড় বছর পর আইপিএলে আইসিসির সহযোগী দেশের খেলোয়াড়দের মধ্যে তাঁর জন্য সর্বোচ্চ দর হাঁকা হয়েছিল। শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে চার কোটি রুপিতে কিনলেও প্রতিদানে ভালোই করেছেন রশিদ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) প্রথম খেলোয়াড় হিসেবে পেয়েছেন হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের মতো স্বল্প শক্তিধর দেশের খেলোয়াড় হয়েও রশিদ ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছেন শুধু পারফরম্যান্স দিয়ে।
বিগব্যাশেও খেলার সুযোগ পেয়ে দারুণ গর্বিত রশিদ। দেশের জন্যও ব্যাপারটা গর্বের বলে জানান তিনি, ‘এত বড় লিগে খেলতে পারা আফগানিস্তানের জন্য অনেক বড় ব্যাপার। এর সঙ্গে খেলতে নেমেই ম্যাচসেরা হওয়া যেন স্বপ্ন সত্যি হওয়ার মতো! তাই এটা আমার, পরিবার ও দেশের জন্যও গর্বের ব্যাপার।‘ বেন রোহরকে বোকা বানানো সেই ডেলিভারিটি প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘ওটা ছিল বিশেষ উইকেট। বাঁ হাতি ব্যাটসম্যানের বিপক্ষে গুগলি। আমি ফাঁদ পেতেছিলাম। সে লেগ স্পিনের অপেক্ষায় ছিল।’