'রাজত্ব' ফিরে পেলেন রুট
অস্ট্রেলিয়া দল বাংলাদেশে না আসার মূল্য দিতে হলো স্টিভেন স্মিথকে। খেলার মধ্যে না থাকা অস্ট্রেলিয়ার অধিনায়ককে সরিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানে ফিরেছেন ইংল্যান্ডের জো রুট। দুবাই টেস্টের দুই ইনিংসে ৮৮ ও ৭১ রান করেই দুই মাস পর এক নম্বর স্থানটা পুনরুদ্ধার করলেন ইংলিশ ব্যাটসম্যান।
রুট প্রথম শীর্ষে উঠেছিলেন অ্যাশেজের চতুর্থ টেস্টের পর। ওভালে পঞ্চম টেস্টের পরেই অবশ্য তিনে নেমে গিয়েছিলেন রুট। এক নম্বরে ফিরেছিলেন স্মিথ। চলতি সিরিজে আবুধাবিতে প্রথম টেস্টের পর রুট উঠে আসেন দুইয়ে। সেই ধারাবাহিকতায় কাল প্রকাশিত সর্বশেষ র্যা ঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন ২৪ বছর বয়সী ব্যাটসম্যান। সর্বশেষ অ্যাশেজের শুরু থেকে এ পর্যন্ত পাঁচবার পরিবর্তন হলো শীর্ষস্থানে। শারজায় শেষ টেস্টে রুট ভালো না করলে সংখ্যাটা ছয়ও হয়ে যেতে পারে। স্মিথের সঙ্গে যে মাত্র ৩ পয়েন্টের ব্যবধান রুটের।
দুবাই টেস্টের পারফরম্যান্স দিয়ে এগিয়েছেন পাকিস্তানের তিন ব্যাটসম্যান ইউনুস খান (ষষ্ঠ, +১), মিসবাহ-উল-হক (১১তম, +৫) ও আসাদ শফিক (১২তম, +৬)। দ্বিতীয় টেস্টে ৮ উইকেট নিয়ে প্রথমবারের মতো বোলিং র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠেছেন পাকিস্তানের ইয়াসির শাহ। তিন ধাপ এগিয়েছেন এই লেগ স্পিনার। কলম্বো টেস্টে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা পঞ্চদশ স্থানে উঠেছেন শ্রীলঙ্কার পেসার ধাম্মিকা প্রসাদও। বোলার ও অলরাউন্ডার র্যা ঙ্কিংয়ে যথারীতি শীর্ষে ডেল স্টেইন ও সাকিব আল হাসান।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ব্যাটিংয়ে মুমিনুল হক (২৫) ও বোলিংয়ে সাকিব আল হাসান (১৮) আছেন সবার ওপরে। তথ্যসূত্র: আইসিসি বিজ্ঞপ্তি।
র্যাঙ্কিংয়ে সেরা পাঁচ
ব্যাটসম্যান
১ (+১) জো রুট ৯১৩
২ (-১) স্টিভেন স্মিথ ৯১০
৩ (-) এবি ডি ভিলিয়ার্স ৮৯০
৪ (-) হাশিম আমলা ৮৮১
৫ (+১) ইউনিস খান ৮৫৪
বোলার
১ (-) ডেল স্টেইন ৯০৫
২ (+৩) ইয়াসির শাহ ৮২৭
৩ (–) জেমস অ্যান্ডারসন ৮২৪
৪ (–২) স্টুয়ার্ট ব্রড ৮১৭
৫ (-১) ট্রেন্ট বোল্ট ৮১৪