'রান-ভাঙা' জবাব দিচ্ছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূজারা-বিজয় জুটিতে দারুণ জবাব দিচ্ছে ভারত। ছবি: এএফপি
পূজারা-বিজয় জুটিতে দারুণ জবাব দিচ্ছে ভারত। ছবি: এএফপি

৫৩৭ রানের বিশাল পুঁজি নিয়ে বড় হাসিতে মাঠে নেমেছিলেন অ্যালিস্টার কুক ও তাঁর দলবল। কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরাও কি কম যান! ইংলিশদের রানবন্যার জবাব রানেই দিচ্ছেন মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারা। মাত্র ১ উইকেট হারিয়ে ২৫৩ রান করে ফেলেছে ভারত। শেষ সেশনে দুই দলের মধ্যে রানের ব্যবধানটাও আরও কমিয়ে আনছে। 

৫৫ বছর পর উপমহাদেশে এক ইনিংসে তিন সেঞ্চুরির রেকর্ড গড়েছে ইংল্যান্ড। ভারতের ইনিংসের এখনো অর্ধেকও পেরোয়নি। ব্যাট করতে নেমেছেনই মাত্র ৩ ব্যাটসম্যান। এর মাঝে দুজনই সেঞ্চুরি করে ফেলেছেন। আগ্রাসী ব্যাট করে পূজারা অপরাজিত আছেন ১০৭ রানে, বিজয়ের রান ১০৩।
দিনের শুরুতেই অবশ্য ধাক্কা খেয়েছিল ভারত। দিনের দ্বিতীয় ওভারেই আউট হয়ে গেছেন গৌতম গম্ভীর। তাতে অবশ্য ভারতের কিছু এসে যায়নি। পূজারা নেমেই নিজের মনোভাব বুঝিয়ে দিয়েছেন। ক্যারিবীয় সফরে ধীর গতির ব্যাটিংয়ের জন্য অনেক সমালোচনা হয়েছে পূজারার। তার জবাবই যেন দিতে নেমেছেন আজ এই ব্যাটসম্যান। শুরু থেকেই দুর্দান্ত সব শটে ইংলিশ বোলারদের মনোবল ভেঙে দিয়েছেন। ১৫ চারে মাত্র ১৬৯ বলে পেয়েছেন সেঞ্চুরি।
অপর প্রান্তে বিজয় ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি। ধীর স্থির ব্যাটিংয়ে ইংলিশ বোলিংয়ের সব বিষ শুষে নিয়েছেন। আবার যখনই সুযোগ পেয়েছেন হাঁকিয়েছেন বড় বড় ছক্কা। চা বিরতির পর স্লিপের পাশ দিয়ে মারা চারে যখন সেঞ্চুরি পেলেন, ততক্ষণে খেলেছেন ২৫৪ বল। ৮ চার ও ৩ ছক্কা তাঁর ইনিংসে।