'রিভার্স সুইং করতে বল টেম্পারিং লাগে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরফরাজ নওয়াজ। যখন খেলতেন। ছবি: টুইটার
সরফরাজ নওয়াজ। যখন খেলতেন। ছবি: টুইটার
>

• রিভার্স সুইংয়ের রাজা ছিলেন পাকিস্তানি ফাস্ট বোলাররা।
• সরফরাজ নেওয়াজ, ইমরান খানের হাত ধরে এটি অন্য মাত্রায় গিয়েছিল ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের মাধ্যমে।
• শুরুর দিকে রিভার্স সুইংকে অনেকেই প্রতারণা বলতেন।
• সরফরাজের মতে, এটি ‘শিল্প’ হয়ে উঠল ইংরেজ বোলাররা তা শেখার পর।
• সরফরাজ মনে করেন, রিভার্স সুইং করতে বল টেম্পারিং লাগে না।

উল্টো সুইং। খটকা লাগছে? ‘রিভার্স সুইং’ শব্দ যুগলই বেশি পরিচিত। এখন এই ‘রিভার্স সুইং’ নিয়ে তোলপাড় গোটা ক্রিকেট বিশ্বেই। কেপটাউন টেস্টে রিভার্স সুইং পেতে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটদের বল বিকৃতির পর এটি নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। একসময় রিভার্স সুইংকে ইংরেজরা ‘অবৈধ’ মনে করলেও অনেকের কাছেই তা ‘শিল্প’। বিশেষ করে পাকিস্তানের বোলারদের কাছে। এই শিল্পের প্রবর্তক হিসেবে তকমা পাওয়া পাকিস্তানের সাবেক এক ফাস্ট বোলারের রায়, বল বিকৃতি (টেম্পারিং) ছাড়াই রিভার্স সুইং পাওয়া যায়।
সেই ফাস্ট বোলারটি সরফরাজ নেওয়াজ। বলা হয়, রিভার্স সুইং ‘শিল্প’ হলে পাকিস্তানে সেই শিল্পের শুরু তাঁর হাত দিয়েই। পরম্পরা হিসেবে এটি সরফরাজ নেওয়াজ থেকে ইমরান খান, এরপর ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের তা পৌঁছেছে। স্মিথরা বল বিকৃতি স্বীকার করে নেওয়ার পর পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ‘ট্রল’ ছড়িয়ে পড়েছিল। যেখানে দেখা যাচ্ছে, একটি ছবিতে ইমরান খান, ওয়াসিম আকরাম আর ওয়াকার ইউনিস হাসছেন। এই ট্রলের নিচে লেখা ছিল—‘অ্যামেচারস’ শব্দটি। ট্রলটার অর্থ ছিল, বল বিকৃতি ঘটিয়ে স্মিথদের ধরা খাওয়ায় তাচ্ছিল্যের হাসি হাসছেন পাকিস্তানি গতি-তারকারা। ব্যাপারটা এমন যে ‘আমরা কত করলাম, ধরা খেলাম না, তোমরা একবার করেই ধরা খেয়ে গেলে। আনাড়িরা ধরা খায় এমনভাবেই।’
পাকিস্তানের তিন পেস কিংবদন্তি ইমরান খান, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস যে রিভার্স সুইংয়ের রাজা—এটা নতুন করে বলার কিছু নেই। তবে এই তিন সাবেক সফলতার সঙ্গে বল বিকৃতি ঘটিয়ে তা করেছেন, এমন ইঙ্গিত রয়েছে সেই ছবিতে। সরফরাজ এতেই চটেছেন। ৫৫ টেস্টে ১৭৭ উইকেট নেওয়া সাবেক এ পেসারকে রিভার্স সুইয়ের জন্যই মনে রাখবে অস্ট্রেলিয়া। ১৯৭৯ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষেই ৮৬ রানে ৯ উইকেট নিয়েছিলেন সরফরাজ। এর মধ্যে ৩৩ বলের ব্যবধানে ১ রানে নিয়েছিলেন ৭ উইকেট!
সংবাদ সংস্থা এএফপিকে সরফরাজ সোজাসাপটাই বলেছেন রিভার্স সুইং করতে কোনো প্রতারণার আশ্রয় নিতে হয় না, ‘রিভার্স সুইং হলো প্রতারণা, এটা বলাই হাস্যকর। বল বিকৃতি ছাড়াই রিভার্স সুইং পেতে পারেন। নতুন বলে প্রচলিত সুইং পাওয়া যায় আর পুরোনো বলে রিভার্স সুইং। ব্যাপারটা পরীক্ষাগারেই প্রমাণিত যে রিভার্স সুইং সম্পূর্ণ বিজ্ঞানসম্মত।’
পাকিস্তানের বোলাররা ক্রিকেট বিশ্বকে রিভার্স সুইংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর ঝড় উঠেছিল। প্রায় সবাই ভেবেছিল এটা প্রতারণা। কিন্তু এখন এটিকে রীতিমতো শিল্প হিসেবেই ধরা হয়। সরফরাজের মতে, এটি হয়েছে ইংলিশ ফাস্ট বোলাররা রিভার্স সুইং শিখে ফেলার পর থেকেই, ‘এই শিল্পটা আমি ইমরান খানের হাতে তুলে দেওয়ার পর সে এটা আরও উন্নত করে ওয়াসিম আর ওয়াকারকে শেখায়। সেই সময় সবাই বলেছে এটা প্রতারণা; কিন্তু ইংরেজরা রিভার্স সুইং পাওয়ার পর থেকেই তা শিল্প হয়ে গেল।’
স্মিথরা সেই শিল্প শিখতে অবৈধ পন্থার আশ্রয় নিয়েছেন বলেই মনে করেন ৬৯ বছর বয়সী সাবেক এ পেসার, ‘এটা শিল্প এবং তাই থাকবে। কিন্তু তা পেতে বল বিকৃত করাটা প্রতারণা। দক্ষিণ আফ্রিকাকে হারাতে অস্ট্রেলিয়ানরা তা করেছে এবং সে জন্যই শাস্তি পেয়েছে।’