'রুনি ইউনাইটেডের কিংবদন্তি'

ববি চার্লটনকে ছুঁয়েছিলেন সপ্তাহ দুয়েক আগেই। এফএ কাপে রিডিংয়ের বিপক্ষে সেই ম্যাচে গোলের পরেই ওয়েইন রুনির অপেক্ষা শুরু—কবে স্যার চার্লটনকে ছাড়িয়ে হবেন ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা।
পরশু রাতে অপেক্ষা ফুরোল ব্রিটানিয়া স্টেডিয়ামে, প্রিমিয়ার লিগে স্টোক সিটির বিপক্ষে ম্যাচে। একেবারে শেষ সময়ের খেলা চলছে তখন। ইউনাইটেড পিছিয়ে ১-০ গোলে। সব প্রতিযোগিতায় টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকার পর হারের চোখরাঙানি। ওই অবস্থায় ডি-বক্সের একটু বাইরে থেকে রুনির অসাধারণ ফ্রি-কিক। ইউনাইটেডের হয়ে রুনির ২৫০তম গোল। গ্যালারিতে বসেই চার্লটন দেখলেন তাঁকে পেছনে ফেলে রুনির এগিয়ে যাওয়া। ১-১ ড্রয়ে ইউনাইটেডও অপরাজেয় পথচলায় এগিয়ে গেল আরও একটু। কিন্তু ম্যাচ শেষে এসব কিছু নয়, আলোচনার কেন্দ্রবিন্দু শুধুই রুনি।
গ্যালারি থেকে পরে ড্রেসিংরুমেও গেছেন চার্লটন। জড়িয়ে ধরে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। পরে ইউনাইটেডের ওয়েবসাইটে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘মিথ্যা বলব না, রেকর্ডটা হারিয়ে একটু খারাপই লাগছে। কিন্তু এটা রুনিরই হওয়ার ছিল। ইউনাইটেডের ইতিহাসে জায়গা ওর প্রাপ্য ছিল। ইংল্যান্ড ও ইউনাইটেডের কিংবদন্তি সে, দুটি দলেরই সর্বোচ্চ গোলদাতাও।’
রেকর্ডটা যে তাঁর হবে, এটা বোধ হয় কয়েক বছর ধরে জানতেন রুনিও। তবু চার্লটনের মতো কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার আনন্দের সঙ্গে কি কিছুর তুলনা হয়! ম্যাচ শেষেই চার্লটনের সঙ্গে ড্রেসিংরুমে অভিনন্দন-পর্বের একটা ছবি দিয়েছেন টুইটারে। সঙ্গে লিখেছেন, ‘ধন্যবাদ স্যার ববি, আপনার কথাগুলো সারা জীবন অনুপ্রাণিত করবে।’
১৯৫৬ থেকে ১৯৭৩—১৭ বছরের ক্যারিয়ারে ইউনাইটেডের হয়ে ৭৫৮ ম্যাচে চার্লটন করেছিলেন ২৪৯ গোল। তাঁকে ছাড়িয়ে যেতে রুনি খেলেছেন ৫৪৬ ম্যাচ। ২০০৪ সালের আগস্টে এভারটন থেকে রুনিকে যিনি ইউনাইটেডে এনেছিলেন, সেই অ্যালেক্স ফার্গুসনের উচ্ছ্বাসও কম নয়। শুভকামনা জানিয়ে ইউনাইটেডের সাবেক কোচ বলেছেন, ‘আমি নিশ্চিত ও আরও অনেক গোল করবে এই ক্লাবের হয়ে।’
রুনির বর্তমান কোচ হোসে মরিনহোও মুগ্ধ ছাত্রকে নিয়ে, ‘ওর আগে রেকর্ডটা ছিল বিশ্ব ফুটবলের এক কিংবদন্তির। এখন রুনিও ইউনাইটেডের কিংবদন্তি।’ রুনির প্রশংসা করেছেন প্রতিপক্ষ স্টোক সিটির কোচ মার্ক হিউজও, ‘প্রায় ৪০ বছর লেগেছে স্যার ববির রেকর্ডটা ভাঙতে। এতেই বোঝা যায় কী বিশাল ব্যাপার এটা।’ এএফপি।