'রুবেল'দের খোঁজার মিশনে বিসিবি

টেস্টে এখনো পর্যন্ত ১০০ উইকেট পাননি কোনো বাংলাদেশি পেসার। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে বহুদিন ধরেই পেসার সংকট নিয়ে হাপিত্যেশ আছে বাংলাদেশের ক্রিকেটে। তবে আপাতত সুখবর, তীব্র পেসার সংকট কাটাতে আবারও উদ্যোগী হচ্ছে বিসিবি।
একটা সময় ফাস্ট বোলার তুলে নিয়ে আসতে ‘পেসার হান্ট’ নামের কর্মসূচি ছিল। এই পেসার হান্ট থেকেই রুবেল হোসেনের মতো অচেনা এক বোলারকে খুঁজে পেয়েছিল বাংলাদেশ। পাওয়া গিয়েছিল রবিউল, শফিউলদেরও।
কর্মসূচিটা চলেছিল দু্ই দফা—২০০৫ ও ২০০৭ সালে। সারা দেশ থেকে সম্ভাবনাময় পেসার খুঁজে বের করার এ কর্মসূচির অন্যতম কারিগর ছিলেন সরওয়ার ইমরান। ২০০৫ ও ২০০০৭ এর পর নিজের তাগিদে ২০০৯-এ আরেকটা কর্মসূচি চালিয়েছিলেন ইমরান। তবে সেটাকে পরিপূর্ণ পেসার হান্ট বলা যাবে না।
প্রায় আট বছর বন্ধ থাকার পর আবারও পেসার অন্বেষণ কর্মসূচি নিতে যাচ্ছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করে বিসিবি সভাপতি নাজমুল হাসান আজ বললেন, ‘জাতীয় দলের স্পনসর রবির সঙ্গে যৌথভাবে পেসার হান্ট কর্মসূচির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কর্মসূচি শুরু হবে এ বছরের মধ্যেই।’
ক্রিকেট উন্নয়নে আরও কিছু কর্মসূচি হাতে নিতে যাচ্ছে বিসিবি। মিরপুর ইনডোরকে বিশ্বমানের করার উদ্যোগ নিচ্ছে বিসিবি। নাজমুল বললেন, ‘বিশ্বকাপে বাংলাদেশের দলের সাফল্যের পেছনে ছিল ব্রিসবেনে অনুশীলন। কোচ এ বিষয়ে প্রস্তাব দিয়েছেন। আমরা সে অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান ইনডোর ভেঙে নতুন করে তৈরি হবে। সুইমিং-জিমনেসিয়ামসহ সব সুবিধা এখানে থাকবে।’
এ ছাড়া পুরোনো খেলার ভিডিও সংরক্ষণের জন্য ডিজিটাল আর্কাইভ তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সেটি হলে নিশ্চিত তা কাজে দেবে খেলোয়াড়, কোচ, সাংবাদিক, বিশ্লেষক ও দর্শকদের।