'রেকর্ডের চেয়েও বড় দলের জয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালিস্টার কুক।
অ্যালিস্টার কুক।

অর্জনটা তাঁর অসাধারণই। প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রান, ক্রিকেটের রেকর্ড বইয়ে নাম তোলার জন্য এটুকুই ছিল যথেষ্ট। কিন্তু সেটি করতে গিয়ে নতুন একটা রেকর্ড গড়ে ফেললেন অ্যালিস্টার কুক—টেস্টের কুলীন দশ হাজারি ক্লাবের সদস্য এখন এই ইংলিশ ব্যাটসম্যানই। শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, রিকি পন্টিং, অ্যালান বোর্ডার, সুনীল গাভাস্কার কিংবা রাহুল দ্রাবিড়দের মতো গ্রেট ক্রিকেটারদের পাশে নিজের নাম লেখানোর সময়টা উপভোগই করছেন কুক। তবে ব্যক্তিগত অর্জনের চেয়েও দলের জয়টাই তাঁর কাছে বড় কথা।

৩১ বছর ১৫৭ দিন বয়সে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন কুক। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে তাঁর আগে ১০ হাজার রান করেছিলেন টেন্ডুলকার। কাল রেকর্ড বইয়ে টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওযার পর ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘যত বেশি সম্ভব রান করে দলকে জেতানোটাই বড় ব্যাপার। আপনি রান করলেন, কিন্তু দল জিতল না—এমন ব্যক্তিগত রেকর্ডের কেনো মূল্য নেই।’

ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট রান সংগ্রহের ক্ষেত্রে কিছুদিন আগেই কুক ছাড়িয়ে গিয়েছিলেন গ্রাহাম গুচকে। এই কৃতিত্বের পেছনে কুক অবদান দেখছেন ইংল্যান্ড দলের ব্যাটিং পরামর্শক গুচেরও, ‘সকাল সাতটায় উঠে দিকে গুচির নেটে অনুশীলন করেছি। এটা সেই পরিশ্রমেরই ফসল।’

ইংল্যান্ডের হয়ে ৮ হাজার ৯০০ টেস্ট রান করা গুচের কণ্ঠেও কুক-স্তুতি, ‘সে এমন একজন ক্রিকেটার, যে নিজের কাজটা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই করে। ব্যক্তিগতভাবে রান করার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে দলকে জেতানো, এটা কুক মনে–প্রাণেই বিশ্বাস করে।’ সূত্র: ক্রিকেটনেক্সটডটকম।