'রেকর্ড' করেও রেকর্ড হলো না মেয়েদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয় দিয়ে বাছাইপর্ব শুরু করেছেন বাংলাদেশের মেয়েরা। ছবি: আইসিসি
জয় দিয়ে বাছাইপর্ব শুরু করেছেন বাংলাদেশের মেয়েরা। ছবি: আইসিসি

রুমানারা কি একটু আফসোস করছেন? কলম্বোয় আজ ১১৮ রানে পাপুয়া নিউগিনিকে হারিয়ে তাঁদের বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা হয়েছে দুর্দান্ত। ভাবছেন, অসাধারণ এই জয়েও আফসোস থাকবে কেন?

পাপুয়া নিউগিনির ওয়ানডে স্বীকৃতি না থাকায় এই ম্যাচটা অবশ্য ওয়ানডের মর্যাদা পাবে না। ওয়ানডে মর্যাদা না থাকায় ১১৮ রানের জয়টাও রেকর্ড বইয়ে ঠাঁই পাবে না। ওয়ানডেতে প্রতিপক্ষকে সর্বোচ্চ ৮৮ রানে হারানোর রেকর্ড আছে বাংলাদেশের। এটি তাই হতে পারত বাংলাদেশের সবচেয়ে বড় জয়। অবশ্য ওয়ানডে মর্যাদা না পেলেও সুপার সিক্সে ওঠার পথ করে নিতে এ জয় কাজে দেবে বাংলাদেশের।
১ রানে ১ উইকেট হারালেও বাংলাদেশকে এগিয়ে নিয়েছে দ্বিতীয় উইকেটে শারমিন আক্তার-সানজিদা ইসলামের ৫১ রান ও তৃতীয় উইকেটে শারমিন-ফরজানা হকের তৃতীয় উইকেটে ৬৯ রানের দুটি জুটি। শারমিন-ফারজানা দুজনই পেয়েছেন ফিফটি। ২ উইকেটে ১২১ থেকে হুট করে ৪ উইকেট ১২১ হয়ে গেলে চাপে পড়ে বাংলাদেশ। বাংলাদেশ ৬ উইকেটে ২১৫ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে সালমা খাতুন-শায়লা শারমিনের ৫৫ রানের জুটির সৌজন্যে।
বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে পাপুয়া নিউগিনি ৩২.১ ওভারে অলআউট ৯৭ রানে। জাহানারা আলম, পান্না ঘোষ, সালমা খাতুন ও রুমানা আহমেদ নিয়েছেন ২টি করে উইকেট।
কাল বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে।