'রোমাঞ্চিত হওয়ার মতোই ব্যাপার'
গায়ে জ্বর। দুই দিন অনুশীলন করতে পারেননি। কাল জ্বর নিয়েই সংবাদ সম্মেলনে এলেন মুশফিকুর রহিম। আজ দুপুরে শ্রীলঙ্কায় রওনা হবে বাংলাদেশ। এ সফরে দলের সুযোগ-সম্ভাবনা, নিজের ব্যাটিং-উইকেটকিপিং নিয়ে বললেন বাংলাদেশ দলের অধিনায়ক—

* শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের এটাই সেরা সুযোগ?
মুশফিকুর রহিম: সুযোগ তো অবশ্যই। ওদের সেরা ক্রিকেটাররা এখন নেই। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসও নেই। তবে ভুললে চলবে না তারা খেলবে ঘরের মাঠে। আমরাও জানি বাংলাদেশ দল আগের চেয়েও অনেক পরিণত। আমরা আমাদের সেরাটা কতটুকু দিতে পারছি, সেটার ওপর নির্ভর করছে সবকিছু। আমাদের কোচিং স্টাফের বেশির ভাগই শ্রীলঙ্কান। তাঁদের কাছ থেকে অনেক তথ্য জানতে পেরেছি। আশা করি, সেটা আমাদের কাজে দেবে।
* গত সফরের গল টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন। দুর্দান্ত সেই ইনিংসটা এবারও নিশ্চয়ই অনুপ্রাণিত করবে।
মুশফিক: নতুন করে শুরু করতে হবে সবকিছু। গলে সাধারণত স্পিনিং উইকেট তৈরি করে ওরা। আমাদের ক্ষেত্রে অনেক ব্যাটিংবান্ধব উইকেট হয়েছিল সেবার। ফলটা তাই আমাদের পক্ষে এসেছিল। যদিও আমাদের অনেক ভালো খেলতে হয়েছিল। ওরা এবার যে উইকেটই তৈরি করুক আমাদের দল এখন অনেক ভারসাম্যপূর্ণ। স্পিনার, পেসার, অলরাউন্ডার—সবই আছে দলে।
* তামিম-সাকিব-মাহমুদউল্লাহ পিএসএল খেলছেন। শ্রীলঙ্কা সফর শুরু হবে টেস্ট দিয়ে। তাঁদের প্রস্তুতি ঠিকঠাক হলো?
মুশফিক: হয়তো শারীরিকভাবে কিছুটা চাপ পড়ে। তবে শুধু আর্থিক ব্যাপার নয়, এখানে শেখার অনেক কিছু থাকে। তামিম-সাকিব-রিয়াদ পিএসএল খেলায় হয়তো কিছুটা অবসাদ থাকতে পারে তাদের। আশা করছি, অনুশীলন ম্যাচ দিয়ে তারা তৈরি হয়ে যাবে।
* বোলিং আক্রমণ নিয়ে কতটা আশাবাদী এবার?
মুশফিক: আমার বিশ্বাস বোলিং এবার ভালো হবে। অধিনায়ক হিসেবে বলব, শক্তিশালী বোলিং আক্রমণ নিয়েই যাচ্ছি। মোস্তাফিজ-মিরাজ-সাকিব সেরাটা দিতে পারলে যেকোনো ব্যাটসম্যানের জন্য কঠিন হবে। ২০ উইকেট নেওয়া অবশ্যই সম্ভব।
* এ সফরে বাংলাদেশ শততম টেস্ট খেলবে। এটা নিয়ে কতটা রোমাঞ্চিত?
মুশফিক: অবশ্যই রোমাঞ্চিত হওয়ার মতো ব্যাপার। এটা একটা মাইলফলক। শততম টেস্ট শুধু আমাদের জন্য নয়, পুরো জাতির বড় অর্জন। এটা মাথায় রেখে কিছু লক্ষ্য ঠিক করব এবং সেটা অর্জনের চেষ্টা করব, যেটা দেশের সম্মান বয়ে আনবে।
* আপনার কিপিং নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে। বিষয়টি কতটা ভাবাচ্ছে?
মুশফিক: ভুল তো সবাই করে থাকে। বিশ্বে এমন কোনো উইকেটকিপার নেই, যে ভুল করে না। আমার চোখে দেখা সাহা (ঋদ্ধিমান) এখন সেরা উইকেটকিপার। ওর সবকিছুই অনুসরণ করার চেষ্টা করি। ইংল্যান্ড ও আমাদের সঙ্গে সে সুযোগ হাতছাড়া করেছে। শুধু আমি নই, দলের সবাই শতভাগ চেষ্টা করে দলে অবদান রাখতে। অনেক সময় এটা হয়, অনেক সময় হয় না।
* আপনি কি কিপিংটা চালিয়ে যেতে চান?
মুশফিক: আমি এটা উপভোগ করি। আমার তো বোলিংও করতে ইচ্ছে করে, তাতে যদি দলের আরেকটু কাজে দেয়। এটা সিদ্ধান্ত নেবে কোচ, টিম ম্যানেজমেন্ট ও বিসিবি। তারা যা ভালো মনে করবে, সেটাই করবে। আমি মনে করি ব্যাটসম্যান ও উইকেটকিপার হিসেবে দলে অবদান রাখছি।
* ব্যাটিংয়ে দারুণ ছন্দে আছেন। আরেকটু ওপরে ব্যাটিং করতে চান?
মুশফিক: দলের সমন্বয় এখন খুব ভালো। ওপরে ব্যাটিং করব কি না সেটা ম্যানেজমেন্টের ব্যাপার। টপ অর্ডারে যারা আছে, তারা ভালো করছে না বলেই হয়তো এ কথা আসছে। তবে ভবিষ্যতে যদি এটা করতে হয় ভেবে দেখব।