'লজ্জা' ফিরিয়েই নিচ্ছিল সিলেট!
টি-টোয়েন্টির শুরুর দিকে স্লোগান ছিল—‘অর্ধেক সময়, ডাবল বিনোদন।’ গতকাল সিলেট সুপারস্টারস বনাম রংপুর রাইডার্সের ম্যাচটির স্লোগান হতে পারে একটাই—‘ডাবল টাকায় হাফ বিনোদন!’ সময় অবশ্য লাগল ‘অর্ধেকে’রও অর্ধেক। পুরো ম্যাচের আয়ু যে ২২ ওভারও নয়!
নিজেদের আগের ম্যাচেই বরিশাল বুলসকে ৫৮ রানে আউট করে বিপিএলের সর্বনিম্ন রানের লজ্জা উপহার দিয়েছিল সিলেট। কাল সিলেট বরিশালকে সেই লজ্জা থেকে মুক্তি দেওয়ার সব রকম ‘চেষ্টা’ই করেছে। আটে নামা সোহেল তানভীর ১৭ বলে ২০ করে না ফেললে যা হয়েও যেত। মাত্র ১ রান বেশি করে অলআউট সিলেট। ৬০ রানের লক্ষ্যটা ছুঁতে ১০ ওভারও লাগল না রংপুর রাইডার্সের।
৮ উইকেটে জিতে শেষ চার নিশ্চিত করল সাকিব আল হাসানের দল।
টসে হেরে ব্যাটিং করতে নেমেছিল সিলেট। প্রথম ওভারেই মুনাবীরাকে তুলে নেন আরাফাত সানি। অন্য প্রান্ত থেকে সাকিবও উইকেট-উৎসবে যোগ দিলে সপ্তম ওভারেই ৩০ রানে ৬ উইকেট হারিয়ে বসে সিলেট। ৪টি উইকেট নিয়েছেন সানি, বাকি দুটি সাকিবের। যেখানে শেষ করলেন সাকিব-সানি, সেখানেই শুরু করলেন মোহাম্মদ নবী। কিছুক্ষণের মধ্যেই তাই স্কোরবোর্ডে ৮ উইকেটে ৪৩! জয়-টয়ের কথা ভুলে সিলেটের সমর্থকেরা হয়তো প্রাণপণে প্রার্থনা করছিলেন ‘৫৮’ পার হওয়ার।
মাত্র ৬০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে রংপুরও শুরু করেছিল বিরক্তিকর ক্রিকেট। ৬ ওভারের পাওয়ার প্লেতে রান মাত্র ২৮, উল্টো ২ উইকেটও নেই। ভাগ্য ভালো, তিনে নামা সাকিব দর্শকদের বিরক্তিকর ক্রিকেট থেকে বাঁচাতে এগিয়ে এলেন। তাঁর চারটি চারে সাজানো ২৪ বলে ২৯ রানের ইনিংসের সুবাদেই ৯.৫ ওভারেই ৬০ রান তুলে ফেলে রংপুর। তবে ১৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা সানিই।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট সুপারস্টারস: ১১.৫ ওভারে ৫৯ (তানভীর ২০, মুশফিক ৯, নুরুল ৮, বোপারা ৫, জুনায়েদ ৫, আফ্রিদি ৪; আরাফাত সানি ৪/১৪, নবী ৩/১৫, সাকিব ২/২৫)।
রংপুর রাইডার্স: ৯.৫ ওভারে ৬০/২ (সাকিব ২৯*, সৌম্য ১১, জহুরুল ৯*; শহীদ ২/১৮)।
ফল: রংপুর ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আরাফাত সানি।