'লাকি' মাঠ ঢাকায় হানিফ মোহাম্মদ

ক্যানসারের কাছে হার মেনে কাল জীবনের ইনিংসে শেষ টেনেছেন হানিফ মোহাম্মদ। পাকিস্তানের হয়ে ৫৫ টেস্টে ৪৩.৯৮ গড়ে ১২টি সেঞ্চুরিসহ ৩৯১৫ রান করা এই ক্রিকেট কিংবদন্তির পা পড়েছে ঢাকাতেও। ঢাকা স্টেডিয়ামে (এখনকার বঙ্গবন্ধু স্টেডিয়াম) তাঁর রেকর্ড ভীষণ উজ্জ্বল। ঢাকা তাঁর হৃদয়ে জায়গা করে নিয়েছে ‘লাকি মাঠ’ হিসেবেই।
২৮টি ভেন্যুতে টেস্ট খেলা হানিফ মোহাম্মদ ‘সৌভাগ্যে’র ঢাকায় খেলেছেন ৫টি ম্যাচ। ৫২.৬৬ গড়ে করেছেন ৪৭৪ রান। তাঁর ১২টি টেস্ট সেঞ্চুরির ৩টিই ঢাকা স্টেডিয়ামে। এর মধ্যে দুটি আবার একই টেস্টে। ১৯৫৫ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকাতে ১০৩ রান ছিল হানিফ মোহাম্মদের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। এর চেয়ে বড় অর্জন সাত বছর পর। ১৯৬২ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসেই করেন সেঞ্চুরি। পাকিস্তানের পক্ষে টেস্টে জোড়া সেঞ্চুরির সেটিই প্রথম উদাহরণ।
ঢাকায় খেলা প্রথম শ্রেণির ক্রিকেটেও হানিফ মোহাম্মদের রেকর্ড কম উজ্জ্বল নয়। ১১ ম্যাচে সেঞ্চুরি আছে ৪ টি, হাফ সেঞ্চুরিও ৪ টি। ৫৪.৮০ গড়ে করেছেন ৮২২ রান। যে মাঠে পেয়েছেন এত সাফল্য তাঁর কাছে সেটির নিশ্চয়ই আলাদা তাৎপর্য থাকবে। ১৫ বছর আগে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রকে দেওয়া সাক্ষাৎকারে ঢাকার স্মৃতি রোমন্থন করতে গিয়ে হানিফ মোহাম্মদের কণ্ঠে তাই ভর করেছিল আবেগ, ‘ঢাকা আমার খুব লাকি মাঠ। ওখানে খেলাটা আমি সব সময়ই খুব এনজয় করেছি। আমি ঢাকায় খেলেছি, চট্টগ্রামেও গেছি, আসলে বাংলাদেশে মাঠের বাইরেও আমার সময়টা খুব ভালো কাটত। আমার বয়স তখন কম, তা ছাড়া আমি দেখতেও খুব ছোটখাটো, এ কারণে সবাই আমাকে খুব ভালোবাসত। লোকজন আমার জন্য বাসা থেকে খাবার তৈরি করে নিয়ে আসত।’