'লাহোরে তুষারপাত হতে পারে, কিন্তু ভারত-পাকিস্তান সিরিজ নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত-পাকিস্তান সিরিজের কোনো সুযোগ দেখেন না সুনীল গাভাস্কার। ছবি: এএফপি
ভারত-পাকিস্তান সিরিজের কোনো সুযোগ দেখেন না সুনীল গাভাস্কার। ছবি: এএফপি
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার


পাকিস্তান-ভারতের সাবেক ক্রিকেটারদের কথার যুদ্ধ থামছেই না। শুরু করেছিলেন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ আয়োজন করে করোনা তহবিল গঠনের প্রস্তাব দিয়েছিলেন শোয়েব। এরপর থেকেই সরব দুই দেশের সাবেক ক্রিকেটাররা। কপিল দেব তো শোয়েবের প্রস্তাবকে উড়িয়েই দিয়েছেন। এবার সুনীল গাভাস্কার রসিকতা করেই ওড়ালেন ভারত-পাকিস্তান সিরিজের যাবতীয় সম্ভাবনা।

তিনি নিজের মন্তব্য করেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক রমিজ রাজারই ইউটিউব চ্যানেলে। তাঁর কথা খুব পরিষ্কার, এ মুহূর্তে লাহোরে তুষারপাতের সম্ভাবনা যতটুকু, ভারত-পাকিস্তান সিরিজের সম্ভাবনা তার চেয়ে অনেক কম, ‘লাহোরে তুষারপাত হতে পারে, কিন্তু এ মুহূর্তে ভারত-পাকিস্তান সিরিজ হবে না। নিরপেক্ষ ভেন্যুতে না। আইসিসি টুর্নামেন্টে দুই দেশের খেলা হবে। তবে দ্বিপাক্ষিক সিরিজের কোনো সম্ভাবনাই নেই।’

গাভাস্কারের সঙ্গে এক মত রমিজও, ‘এখন পরিস্থিতি কঠিন। এখন তো সম্ভব না। তবে ক্রিকেট দেখার মজা কিন্তু এটাই। এই দুই দেশের খেলা হলে সব বন্ধ হয়ে যায়। এটাই তো ক্রিকেট বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে গণ্য করা হয়।’