'লেগ স্পিনার হয়ে ভুল করেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ জেতানো জুবায়েরের এমন রূপের অপেক্ষাটা অনেক দীর্ঘ হচ্ছে বাংলাদেশের। ফাইল ছবি
ম্যাচ জেতানো জুবায়েরের এমন রূপের অপেক্ষাটা অনেক দীর্ঘ হচ্ছে বাংলাদেশের। ফাইল ছবি

জাতীয় দল আর প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ মিলিয়ে চট্টগ্রামে এখন আছেন প্রায় ৩০ জন ক্রিকেটার। কিন্তু এত খেলোয়াড়ের ভিড়েও নেই জুবায়ের হোসেন। দেশে টেস্ট ক্রিকেটের মৌসুম, অথচ টেস্টে এসেই সম্ভাবনা জাগানো এই লেগ স্পিনারকে কিনা কাল রাতে পাওয়া গেল জামালপুরে নিজ বাড়িতে!

মুঠোফোনে সেখান থেকেই ভেসে এল জুবায়েরের হতাশা, ‘এখন মনে হচ্ছে লেগ স্পিনার হয়ে ভুল করেছি। ব্যাটসম্যান বা অফ স্পিনার হলেই ভালো করতাম।’
কেন এত হতাশ জুবায়ের? ২০১৪-এর অক্টোবরে অভিষেক থেকে ছয় টেস্টে নিয়েছেন ১৬ উইকেট। ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট তৃতীয় টেস্টেই। তখন মনে হচ্ছিল, টেস্টের বোলিং আক্রমণে বৈচিত্র্য আনার একটা মোক্ষম অস্ত্র বুঝি পেয়ে গেল বাংলাদেশ। কোচ চন্ডিকা হাথুরুসিংহেও দারুণ আশাবাদী হয়ে উঠেছিলেন এই তরুণকে নিয়ে। মাত্র দুই বছরের ব্যবধানে সেই জুবায়ের কোথাও নেই! হতাশ তো তিনি হবেনই।
জাতীয় দলে খেলতে না পারা নিয়ে অবশ্য দুঃখ করার সুযোগ নেই ২১ বছর বয়সী জুবায়েরের। তিনি যে খেলার সুযোগ পাচ্ছেন না জাতীয় লিগেই! বিরতি পড়ার আগে জুবায়েরের দল ঢাকা মহানগর খেলেছে তিনটি ম্যাচ। ১৫ ওভার হয়ে বৃষ্টিতে ভেসে যাওয়া প্রথমটির দলে থাকলেও বল করার সুযোগ পাননি তিনি। বরিশালের বিপক্ষে পরের ম্যাচে এক ইনিংস বল করে ৭৭ রানে উইকেটশূন্য ছিলেন। সেটার শাস্তি হিসেবেই হয়তো তৃতীয় ম্যাচে তাঁকে নেওয়া হয়নি এগারোজনেই।
জুবায়েরের দুঃখটা তাই নিজেকে প্রমাণ করতে না পারার, ‘এক ইনিংসে খারাপ বল করলেই যদি আমাকে বসিয়ে রাখা হয়, তাহলে কীভাবে কী করব! বিদেশের দলগুলোকে দেখেন, লেগ স্পিনাররা খারাপ করলেও তাঁদের সুযোগ দেওয়া হয়। আমি সেই সুযোগ পাচ্ছি না। নিজেকে প্রমাণও করতে পারছি না।’
জুবায়েরের দাবি, জাতীয় লিগের ওই ইনিংসটা বাদ দিলে বোলিং তিনি খারাপ করছেন না। সমস্যা নেই ফিটনেসেও, ‘কন্ডিশনিং ক্যাম্পের বিপ টেস্টে আমার পয়েন্ট ছিল ১২। বোলিংও খারাপ করেছিলাম না। হাইপারফরম্যান্স ইউনিটের তিন দিনের একটা ম্যাচ হয়েছিল। সেখানে ৫৫ রানে ৪ উইকেট পেয়েছিলাম। তারপরও সমস্যা যদি কিছু থাকে, সেটা ঠিক করতে তো খেলতে হবে। সময় দিতে হবে।’
জুবায়েরের কোথাও না থাকার ব্যাখ্যাটা অবশ্য একটু অন্যভাবেই দিলেন জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাঁর কথা মানলে দায়টা জুবায়েরের ওপরই বর্তায়, ‘তার দক্ষতা ছিল, তাকে ভালো বল করতেও আমরা দেখেছি। আমাদের ম্যাচ জিতিয়েছে। ও তৃতীয় ম্যাচে তো পাঁচ উইকেটও নিল। ভারতের বিপক্ষে টেস্টে বড় দুটি উইকেট নিয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমরা ওর পেছনে যে সময় ও শ্রম দিয়েছি, সেটা শেষ পর্যন্ত কাজে আসেনি। খুবই হতাশাজনক।’
যে কোচ জাতীয় দলে তাঁকে ছায়া দিয়েছিলেন, তাঁর মুখেই এখন এই কথা! লেগ স্পিনার হয়ে কি আসলেই ভুল করলেন জুবায়ের?