'লেগভেলকি'র ওষুধ খুঁজছে দ. আফ্রিকা

>
- যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবে অসহায় দক্ষিণ আফ্রিকা।
- এই দুইয়ের জন্য প্রস্তুতি হিসেবে নেটে পাঁচ রিস্ট স্পিনার ডেকেছে প্রোটিয়ারা।
- কুইন্টন ডি ককও নেই কেপটাউনের সিরিজ বাঁচানোর লড়াইয়ে।
- অনভিজ্ঞ এইডেন মার্করাম অধিনায়ক হিসেবে বিপদেই পড়েছেন।
যুজবেন্দ্র চাহাল আর কুলদীপ যাদব—নাম দুটি উচ্চারিত হলেই অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের। এই দুইয়ের ঘূর্ণি-জাদুর যেকোনো উত্তরই নেই তাদের কাছে। সেঞ্চুরিয়নে সর্বশেষ ওয়ানডেতে ১১৮ রানে গুটিয়ে যাওয়া প্রোটিয়ারা নাকাল হয়েছিল এই দুই স্পিনারের কাছেই। চাহাল তো ২২ রানে ৫ উইকেট তুলে নিয়েছিলেন, ‘চায়নাম্যান’ কুলদীপ ৩ উইকেট নিয়েছিলেন ২০ রানে।
আজ কেপটাউনে সিরিজের তৃতীয় ওয়ানডেটা খেলতে নামার আগে চাহাল-কুলদীপকে মোকাবিলারই কৌশল খুঁজছে দক্ষিণ আফ্রিকা। সে কারণে তাদের নেটে ব্যবহৃত হচ্ছেন পাঁচ-পাঁচজন রিস্ট স্পিনার। যেভাবেই হোক বুঝে নিতে হবে কেতাটা। না হলে ২-০ হয়ে থাকা সিরিজটা যে ভারতের হয়ে যাবে।
এই ম্যাচে লেগ স্পিন-বিষ তো সামলাতেই হবে। সেটার কৌশল না হয় নেটে পাঁচ স্পিনার এনে করা গেল। কিন্তু প্রোটিয়াদের যে চোট-সমস্যা নাকাল করে রেখেছে, সেটার কী হবে? চোটের কারণে দলের বাইরে চলে গেছেন এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসি ও কুইন্টন ডি কক—নাম তিনটিই দুর্দান্ত। দক্ষিণ আফ্রিকার তিন সেরা ব্যাটসম্যান। সব মিলিয়ে তৃতীয় ওয়ানডের আগে নিজেদের দেশের মাটিতেই বড় অসহায় দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ ডেল বেঙ্কেনস্টাইনের মতে, ভারতীয় স্পিনাররা নাকি খুবই আস্তে বল করছেন। এমন ধীর গতির বল ফ্লাইটেড হলে সেটা উইকেটে পড়ে দারুণ ঘুরছে—এমন বল খেলতে অভ্যস্ত নয় প্রোটিয়া ব্যাটসম্যানরা। অভিজ্ঞ ব্যাটসম্যানরা চোটে পড়ায় দলের ব্যাটিং লাইনের যে হাল, তাতে কেপটাউনে ভারতীয় স্পিনারদের ভালোভাবে খেলে তারা উতরে যাবে—এমন আশা করারও সাহস পাচ্ছেন না অনেকে।
এমন বিপদে বহুদিন পড়েনি দক্ষিণ আফ্রিকা!