'শচীন ডাবল-ট্রিপল সেঞ্চুরি করতে জানত না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকার ও কপিল দেব। ফাইল ছবি
শচীন টেন্ডুলকার ও কপিল দেব। ফাইল ছবি

ট্রিপল সেঞ্চুরি তো দূরের কথা, আড়াই শর ইনিংসই দেখার সৌভাগ্য হয়নি তাঁর ব্যাটে। ক্রিকেটের সব এভারেস্টে তাঁর নাম লেখা। সর্বোচ্চ রান, সর্বোচ্চ সেঞ্চুরি। কিন্তু সর্বোচ্চ ইনিংসের ক্লাসে শচীন টেন্ডুলকার যেন মাঝারি মানের ছাত্র। ক্রিস গেইল, বীরেন্দর শেবাগেরও দুটি করে ট্রিপল সেঞ্চুরি আছে, একটিও নেই টেন্ডুলকারের! টেস্ট ইতিহাসে ২৪ জন ব্যাটসম্যান ২৮টি ট্রিপল সেঞ্চুরি করেছেন, কিন্তু এর একটিরও পাশে লেখা হয়নি টেন্ডুলকারের নাম।
এটা টেন্ডুলকারের জন্য দুঃখের, হয়তো দুঃখটা ক্রিকেট ইতিহাসেরও। ক্রিকেট ক্যারিয়ারটা পেছনে ফেলে এলেও এই দুঃখের হাহাকার এখনো যেন কখনো কখনো দমকা বাতাসের মতো পাক খেয়ে ওঠে। যেমন উঠল আবার। কপিল দেবের কারণে। কপিল বললেন, টেন্ডুলকার সেঞ্চুরি হাঁকাতেন জানতেন। খুব ভালোই জানতেন। কিন্তু জানতেন না সেঞ্চুরিটাকে ডাবল বা ট্রিপল রূপ দিতে।
কপিল বলেছেন, ‘আমাকে ভুল বুঝবেন না, তবে আমি সত্যিই মনে করি শচীন ওর প্রতিভার প্রতি সুবিচার করতে পারেনি। আমার সব সময়ই মনে হয়েছে, ও যা করেছে, তার চেয়েও বেশি কিছু করার সামর্থ্য ওর ছিল। শচীন অনেক ভালো ক্রিকেটার ছিল, কিন্তু ওর সামর্থ্যটা যেন সেঞ্চুরি করার মধ্যেই সীমাবদ্ধ ছিল। ও জানত না, সেঞ্চুরিটাকে ​কীভাবে ডাবল বা ট্রিপল, এমনকি ৪০০-র রূপ দিতে হয়।’
দুবাইয়ে কোভ বিচ ক্লাবের এক অনুষ্ঠানে শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম আর ইয়ান বোথামের মতো তিন কিংবদন্তির পাশাপাশি কপিলও কথা বলেন। এ সময় টেন্ডুলকার সম্পর্কে নিজের মূল্যায়ন তুলে ধরেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক।
অনুষ্ঠানে কপিল, বোথাম দুজনই সেরা হিসেবে বেছে নেন ভিভ রিচার্ডসের নাম। কপিল মনে করেন, মুম্বাইয়ের ক্রিকেটের আশ্রয় থেকে বেরিয়ে টেন্ডুলকার​ রিচার্ডসের মতো কারও স্পর্শে এলে তাঁর খেলার ধরনে আরও পরিবর্তন আসতে পারত। একটু খুনে মেজাজ। টেন্ডুলকার অনেক বেশি ব্যাকরণে জোর দিয়েছেন বলেই বৃত্তটা ভাঙতে পারেননি।
কপিল বলেছেন, ‘ওর সেই সামর্থ্য আছে। ও কৌশলগতভাবে নিখুঁত ছিল। কিন্তু আমার মনে হয়েছে, ওর শুধু মাঠে নিজের সেঞ্চুরির জন্য বেশি ভাবত। কিন্তু রিচার্ডসের মতো খুনে মেজাজের বদলে ওর বেশি ঝোঁক ছিল টেকনিকে বেশি নিখুঁত কিংবা পরিশুদ্ধ ক্রিকেটার হওয়ার দিকেই। ওর সঙ্গে বেশি সময় কাটাতে পারলে আমি বরং বলতাম, “যাও, নিজের মতো করে খেলে উপভোগ করো, বীরেন্দর শেবাগের মতো খেলো। তাতে তুমি আরও ভালো ক্রিকেটারই হবে।”