'শচীনে' রোমাঞ্চিত শচীন
কালই শেষ হচ্ছে অপেক্ষা। মুক্তি পাচ্ছে শচীন টেন্ডুলকারের জীবনীভিত্তিক ছবি শচীন: আ বিলিয়ন ড্রিমস। ছবি মুক্তির ক্ষণ যতই ঘনিয়ে আসছে, রোমাঞ্চ বাড়ছে টেন্ডুলকারের। এত দিনে নিজের যাপিত জীবনটাই এবার দেখবেন রুপালি পর্দায়। অনুভূতিটা অন্য রকম তো হবেই।
গত মাসে ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েই টেন্ডুলকার বলেছেন ছবিটি নিয়ে তাঁর রোমাঞ্চের কথা। কাল বললেন আরও একবার, ‘আমি আসলে স্টেডিয়ামের ভেতরে বড় পর্দায় নিজেকে দেখে অভ্যস্ত। সিনেমা হলের বড় পর্দায় নয়।’ এএফপি।
এটা তাঁরই জীবন। সব ঘটনাই তাঁর নিজের। তারপরও কেন এত রোমাঞ্চ? এই উত্তরটাও দিলেন টেন্ডুলকার, ‘একজন নিভৃতচারী মানুষ হিসেবে আমি সব সময় চেয়েছি, আমার হয়ে ব্যাটই সব কথা বলুক। আমি শুধু খেলায় মনোযোগ রেখেছি, ওখানেই সব শক্তি ব্যয় করেছি। কেউ জানত না আমার ভেতরে কী চলছে। এই সিনেমায় আমি অনেক কথা বলেছি। উত্থান-পতনের গল্প, আমার পরিবারের কথা, ভক্তদের কথা। এ ছবিতে অনেক ব্যক্তিগত মুহূর্ত আছে, আমাদের পারিবারিক ফুটেজও। যেগুলো ২৪ বছরের বেশি সময় ধরে আমার ভক্তরা জানতে চেয়েছেন।’
ছবির প্রিমিয়ার শো দেখার জন্য টেন্ডুলকার ব্যক্তিগত আমন্ত্রণপত্র পাঠিয়েছেন তাঁর সাবেক সতীর্থ ও ভারতের খ্যাতনামা সব মানুষকে। শোনা যাচ্ছে, আইসিসি ট্রফিতে অংশ নিতে যাওয়ার আগে ভারত দলও একসঙ্গে ছবিটা দেখবে। বিরাট কোহলির দলের জন্য সেটা বাড়তি প্রেরণা জোগাতে পারে বৈকি!
টেন্ডুলকারের আমন্ত্রণ পেয়ে আপ্লুত ভারতের রুপালি পর্দার তারকারাও। দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত তো ছবির সাফল্য চেয়ে আগেই শুভকামনা জানিয়ে রেখেছেন। টেন্ডুলকারের বন্ধু ও বলিউড অভিনেতা আমির খান বলেছেন, ‘শুভকামনা রইল, আশা করছি ১০১ নম্বর সেঞ্চুরিটা হয়ে যাবে এবার।’ দক্ষিণ ভারতের আরেক অভিনেতা বাবু ছবির প্রিমিয়ারে আমন্ত্রণ পেয়ে টুইট করেছেন, ‘কিংবদন্তি, সুপারহিরো, মাস্টার ব্লাস্টার, অনেক নাম। একজনই মানুষ, তাঁর ছবি দেখার অপেক্ষায় দিন গুনছি।’ বলিউড অভিনেত্রী সোনম কাপুর লিখেছেন, ‘সেরা হওয়ার প্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ শচীন।’
টেন্ডুলকারের মতো কিংবদন্তিকে নিয়ে সিনেমা বানাতে পেরে উচ্ছ্বসিত এ ছবির পরিচালক একবার এমি পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া জেমস আর্সকিন। এ ছবিতে দর্শকেরা নতুন এক টেন্ডুলকারকে খুঁজে পাবেন বলে আশাবাদী তিনি, ‘সবাই হয়তো তাঁর পরিসংখ্যান জানে। কোনো ম্যাচে তাঁর কী পারফরম্যান্স ছিল সেটা জানে। কিন্তু মাঠ থেকে চলে যাওয়ার পর, তাঁর বাড়িতে, ব্যক্তিগত জীবনে টেন্ডুলকার কেমন সেটা অনেকেই জানে না। এই ছবিতে সেই গল্প আছে। তাঁর স্বপ্ন, আশা, হতাশা, উত্থান-পতন অনেক কিছুই।’