'শত্রু'টা পিছুই ছাড়ছে না মোস্তাফিজের

চোটাঘাত পিছু ছাড়ছেই না মোস্তাফিজুর রহমানের। পেসারদের চোটে পড়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু কদিন পরপর নতুন নতুন চোট বাধাগ্রস্ত করছে মোস্তাফিজের অগ্রযাত্রা। সর্বশেষ দক্ষিণ আফ্রিকায় জুটেছে অ্যাঙ্কেলের চোট। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ না খেলেই তাঁকে ফিরতে হচ্ছে দেশে।

গত দুই বছরে মোস্তাফিজ বড় ধরনের চোটে পড়ছেন পাঁচবার। ২০১৬ সালের জানুয়ারিতে খুলনায় জিম্বাবুয়ে সিরিজে চোট পান বাঁ কাঁধে। সেটি কাটিয়ে উঠতে লাগে প্রায় তিন মাস।
২০১৬ সালের মার্চে এশিয়া কাপে ফিরতেই আবার নতুন চোটের হানা। এবার চোট পান ডান পাঁজরে। এই চোট কাটিয়ে মাঠে ফেরেন বেঙ্গালুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।

মোস্তাফিজকে সবচেয়ে বেশি ভুগিয়েছে গত বছরের জুলাইয়ে সাসেক্সের হয়ে ইংল্যান্ডে খেলতে গিয়ে পাওয়া বাঁ কাঁধের চোট। চোট সারিয়ে তুলতে যেতে হয়েছে শল্যবিদের ছুরির নিচে। চিকিৎসা, পুনর্বাসন—প্রায় পাঁচ মাসের লম্বা বিরতির পর দলে ফিরেছেন বছরের একেবারে শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে।

তাতেও স্বস্তি মেলেনি মোস্তাফিজের। বিশ্রাম নিয়ে নিয়ে খেলেও চোট থেকে মুক্তি মেলেনি। কিউইদের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিকে তো নিজেই ‘না’ করে দিয়েছিলেন। নতুন করে ব্যথা অনুভব করেন কোমরে। নিজেকে ফিট মনে না করায় খেলেননি গত ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টও। পুরো ফিট হয়ে মোস্তাফিজ ফেরেন গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট দিয়ে।

ভালোই যাচ্ছিল মোস্তাফিজের। খেলছিলেন বাংলাদেশের হয়ে প্রতিটি ম্যাচ। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে আবারও হানা দিয়েছে পুরোনো শত্রু চোট। বারবার চোটে পড়ায় সেটির প্রভাব পড়ছে ২২ বছর বয়সী বাঁহাতি পেসারের পারফরম্যান্সেও। চোট থেকে লম্বা সময়ের জন্য মুক্তি মিলবে কবে, উত্তরটা খুঁজছেন মোস্তাফিজ নিজেও।