'শাস্ত্রীয় যুগে'ই ফিরছে ভারত?
একবার শোনা গেল, রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে পছন্দ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। আবার কেউ কেউ বলছেন, বেশি খোঁজাখুঁজির দরকার নেই, শচীন টেন্ডুলকার তো হাতের কাছেই আছেন। আসলে কি সত্যিই কেউ ভারতের নতুন কোচ হচ্ছেন? নাকি রবি শাস্ত্রীকেই আবারও টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হবে সর্বময় ক্ষমতা দিয়ে?
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই শাস্ত্রীর সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি শেষ হয়ে গেছে। চুক্তি নবায়ন করা হবে কি না, এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর অবশ্য বিশ্বকাপ শেষেই বলে দিয়েছেন, ‘টিম ডিরেক্টর ও কোচ দুটি আলাদা পদ থাকবে না। যেকোনো একটা থাকবে।’ তার মানে যিনিই দায়িত্ব পাচ্ছেন, তাঁর হাতেই থাকবে সর্বময় ক্ষমতা।
আপাতত সেই যোগ্য লোকটিকে খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী আর ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গড়া উপদেষ্টা কমিটিকে। বোর্ডের পক্ষ থেকে তাঁরা দলের অনেক খেলোয়াড়ের সঙ্গে কথাও বলেছেন। বিসিসিআইয়ের একটি সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছে, ‘টিম ডিরেক্টর কিংবা কোচ কে হতে পারেন, এ নিয়ে আমরা অনেক খেলোয়াড়ের সঙ্গেই কথা বলেছি। বেশির ভাগ সিনিয়র খেলোয়াড়ই আগের ডিরেক্টর শাস্ত্রীর কাজের প্রশংসা করেছেন। শাস্ত্রীকে ফিরিয়ে আনা হলে তারা সানন্দে তাঁর সঙ্গে কাজ করতে রাজি। এ ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।’
দ্রাবিড় কিংবা টেন্ডুলকারের নাম এদিক-ওদিকে শোনা গেলেও ভারতের আবার ‘শাস্ত্রীয়’ যুগে ফেরার সম্ভাবনাই বোধ হয় তাই সবচেয়ে বেশি।