
>
- চোখের জলে ভেজা সংবাদ সম্মেলনের পর অনেকেই স্মিথের পাশে।
- শাস্তিটাও বেশি হয়ে গেছে বলছেন কেউ কেউ
শত বছরের পুরোনো দ্বৈরথ। অ্যাশেজ শুরুর আগে দুই দেশের সংবাদমাধ্যম অনুসরণ করলে বোঝা যায়, ক্রিকেট নিয়ে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের রেষারেষি কী প্রবল। মনে হয় যেন যুদ্ধ শুরু হতে চলেছে। সম্পর্কটা যেখানে এমন, সেখানে ইংলিশ সংবাদমাধ্যম হঠাৎ করে একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের জন্য দরদ দেখাবে, সেটাও বল টেম্পারিংয়ের মতো কেলেঙ্কারির পর—ভাবা কঠিন বৈকি!
কিন্তু বিস্ময়কর হলেও সত্য, স্টিভেন স্মিথ সেই সহমর্মিতা পাচ্ছেন। হ্যাঁ, বিশ্বাস না হলে গতকালের দ্য টাইমস পত্রিকার খেলার পাতার একটা শিরোনাম দেখুন: ‘প্রিয় অস্ট্রেলিয়া, অনেক হয়েছে। এটা শুধু বল টেম্পারিংই ছিল, খুন নয়!’
আসলেই তো। কেপটাউন টেস্টের বল টেম্পারিং কেলেঙ্কারির পর স্মিথের সঙ্গে যা যা হয়েছে, মনে হতে পারে তিনি বুঝি খুনই করেছেন।
অবশ্য পরশু তাঁর চোখের জলে ভেজা সংবাদ সম্মেলনের পর এখন অনেকেই তাঁর পাশেও দাঁড়িয়েছেন। যেভাবে অধিনায়ক হিসেবে পুরো ঘটনার দায় নিজের কাঁধে নিয়েছেন, অনুশোচনা-অনুতাপের কথা বলেছেন—সেটাই-বা ক্রিকেট ইতিহাসে আগে কজন অধিনায়ক করেছেন! স্মিথ আসলে শুধু নিজেই কাঁদেননি, অনেককেই কাঁদিয়েছেন। সে কান্না ইংলিশ সংবাদমাধ্যমের পাশাপাশি অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমকেও স্পর্শ করেছে। দুই দিন আগেও যেখানে তাঁর বিষোদ্গার চলছিল সমানে, সেখানে এখন সমবেদনার সুর। দ্য অস্ট্রেলিয়ান-এর এক কলামেই যেমন লেখা হয়েছে, ‘আমরা স্টিভেন ডেভেরক্স স্মিথকে নিয়ে গর্বিত। মাঝে কিছু সময়ের জন্য আমাদের মনে হয়েছিল আমরা ভুল। আমরা ক্রোধান্বিত ছিলাম, প্রতারিত বোধ করছিলাম, হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম। কিন্তু আজ (পরশু) রাতে যে বিধ্বস্ত ও ভেঙে পড়া লোকটা সেই মানুষদের মুখোমুখি হয়েছেন, যাঁদের তিনি হতাশায় ডুবিয়েছিলেন, তাঁকে দেখে আবারও মনে হয়েছে, আমরা তাঁকে নিয়ে গর্ব করে ভুল করিনি।’
স্মিথদের শাস্তিটা যে বেশি হয়ে গেছে, সেটা আগেই বলেছেন কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ান ক্রিকেটকে যারা ঘৃণা করে, তারাই এ ঘটনাটাকে এত বড় করে তুলেছে বলে দাবি করেছেন তিনি। পরশু একরকম তাঁর সুরেই কথা বলেছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান মার্ক বুচার, ‘এইমাত্র স্মিথের সংবাদ সম্মেলনটা দেখলাম। আশা করি, এখন সবাই “ন্যায্য বিচার” পেয়ে খুশি!’
অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের দ্বৈরথও বেশ উপভোগ্য হয়ে উঠেছে। সেই ভারতেরই স্পিনার হরভজন সিং তো স্মিথ-ওয়ার্নারদের দেওয়া ক্রিকেট অস্ট্রেলিয়ার এ শাস্তিকে ‘হাস্যকর’ মনে করেন। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিটি দলই কোনো না কোনো সময় বল টেম্পারিং করেছে দাবি করে হরভজন সিং বলেছেন, ‘এটা তো ম্যাচ ফিক্সিংয়ের মতো অপরাধ নয়। একজনের ক্যারিয়ার থেকে এভাবে একটা বছর কেড়ে নেওয়ার কোনো মানে হয় না।’
একেবারে অন্য দৃষ্টিকোণ থেকে এত বড় শাস্তির একটা ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান গৌতম গম্ভীর, ‘বেতন-ভাতা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিদ্রোহের মূল্য দিল না তো স্মিথ-ওয়ার্নার?’
স্মিথের সংবাদ সম্মেলন দেখে সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনও টুইট করেছেন, ‘আজ সে যেটা করেছে, সেটার জন্য অনেক সাহস লাগে।’ স্মিথের ভুল স্বীকার করাটাকেই বড় করে দেখছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতারও, ‘ওকে এভাবে ভেঙে পড়তে দেখে খারাপ লাগছে। তবে স্মিথের অন্তত পুরুষ মানুষের মতো এটা স্বীকারের সাহস আছে।’
সাবেক অস্ট্রেলিয়ান কোচ মিকি আর্থার বেশ কাছ থেকে দেখেছেন স্মিথকে। স্মিথের এমন পরিণতি দেখে আর্থার নিজেও কষ্ট পাচ্ছেন, ‘আমার খুবই খারাপ লাগছে। কারণ আমি জানি সে ক্রিকেট খায়, পান করে এবং ঘুমায়।’ কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকেই বলেছেন, ‘ও আবার ফিরবে। এতে কোনো সন্দেহ নেই। ও কঠোর পরিশ্রম করবে এবং নিষেধাজ্ঞা শেষে কঠিনভাবে ফিরবে।’
এ তো গেল ক্রিকেটার স্মিথের ফেরার কথা। আর মানুষ স্মিথ? দ্য অস্ট্রেলিয়ান-এর ওই কলামটাই শেষ হয়েছে এইভাবে, ‘এই ঘটনা তাকে আরও ভালো মানুষ বানিয়ে তুলবে। অবশ্য সে আগে থেকেই অনেকের চেয়ে ভালো মানুষ।’