'শেষ' দেখছেন ভেট্টোরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদা পোশাকে এভাবে আর নাও দেখা যেতে পারে ভেট্টোরিকে। ছবি: এএফপি
সাদা পোশাকে এভাবে আর নাও দেখা যেতে পারে ভেট্টোরিকে। ছবি: এএফপি

দুই বছরের বেশি সময় টেস্ট ক্রিকেটে দেখা নেই ড্যানিয়েল ভেট্টোরির । একের পর এক চোটে ভেট্টোরির জন্য সাদা পোশাক গায়ে চড়ানো ভীষণ কঠিন হয়ে দাঁড়িয়েছে এখন। অবশেষে হালই ছেড়ে দিচ্ছেন সাবেক এ ব্ল্যাক ক্যাপস অধিনায়ক। ইঙ্গিত দিলেন, তার পক্ষে টেস্ট চালিয়ে যাওয়া আর সম্ভব নয়।
ভেট্টোরি বললেন, ‘ওটা (টেস্ট ক্রিকেট) ভাবনায় নেই। টেস্ট ম্যাচে যে পরিমাণ ওভার করতে হয়, সেটির নিশ্চয়তা আমি দিতে পারছি না। তা ছাড়া সোদি-মার্ক ক্রেইগের মতো তরুণ প্রতিভা বিকাশে অন্তরায় হয়ে দাঁড়াতে চাই না।’
মেঘে মেঘে বেলা তো আর কম হলো না। ৩৫ বছর বয়সী ভেট্টোরি মনে করছেন, এ বয়সে শরীর টেস্টের ধকল সইতে পারবে না। এখন তাঁর দৃষ্টি আগামী বছরের বিশ্বকাপে। ১১২ টেস্টে ৩৬০ উইকেট নেওয়া এ বাঁহাতি স্পিনার বললেন, ‘বিশ্বকাপই লক্ষ্য। ক্যারিয়ারের এ পর্যায়ে শরীরের জন্য টেস্ট ক্রিকেট বিরাট ধকল।’
ওয়ানডেতেও অবশ্য নিয়মিত হতে পারেননি গত দুই বছর। ২০১২ সালে খেলতে পারেননি একটি ম্যাচও, ২০১৩ সালে খেলেছেন মাত্র তিনটি ওয়ানডে। সর্বশেষ রঙিন পোশাকে মাঠে নেমেছিলেন গত বছর জুনে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে। চোট, বয়স, দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে অনুপস্থিতি—সব মিলে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণও আর কদিন চালাতে পারবেন, সে প্রশ্নও কিন্তু থেকেই যায়। সূত্র: ক্রিকইনফো।