'শোয়েব বিনোদন দেন, গুরুত্বপূর্ণ কথা বলেন রমিজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোয়ব-রমিজ, দুজনেই জনপ্রিয় ইউটিউবে। ফাইল ছবি
শোয়ব-রমিজ, দুজনেই জনপ্রিয় ইউটিউবে। ফাইল ছবি

রাওয়ালপিন্ডি কিসের জন্য বিখ্যাত?

কোনো ঐতিহাসিক কিংবা দৃষ্টিনন্দন স্থাপনার কথা আসে না। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামও ক্রিকেটে এমন ঐতিহ্যবাহী-বিখ্যাত মাঠ নয়। এই শহরের একটা বড় পরিচয় পাকিস্তানের সেনাসদর হওয়ার কারণে। তবে বেশি পরিচিতি আসলে শোয়েব আখতারের জন্যই। তাঁর ‘পিন্ডি এক্সপ্রেস’ তকমা বিখ্যাত করে ফেলেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এই শহরটাকে।

গত দুদিনে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এসে বারবার শোয়েবের কথায় ভাবনায় এসেছে। পিন্ডি এক্সপ্রেসের দেখা অবশ্য এখনো মেলেনি। যেহেতু ঘরের উঠানে খেলা, হয়তো টেস্টে ধারাভাষ্য কিংবা শুধুই খেলা দেখতে আসতে পারেন। অথবা নিজের ইউটিউব চ্যানেলের জন্যও আসতে পারেন।

পাকিস্তানে এখন সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার শোয়েব আখতার—এটিতে দ্বিমত পোষণ করার মানুষ এখানে কমই পাওয়া যাবে। ইসলামাবাদের পত্রিকা ‘মেট্রো ওয়াচে’র ক্রীড়া প্রতিবেদক জাইন মালিক মনে করেন, শুধু জনপ্রিয়তার মাপকাঠিতে নন, ইউটিউব দিয়ে সবচেয়ে বেশি আয় করেন শোয়েবই! ইউটিউবে পাকিস্তানের সাবেক এই গতি তারকার ‘সাবস্ক্রাইবার’ এখন প্রায় ২০ লাখ (১.৯৮ মিলিয়ন)। বেশির ভাগ ভিডিওর ‘ভিউ’ হয়ে যায় ১০ লাখের বেশি! পাকিস্তানের অনেক জনপ্রিয় সংবাদমাধ্যমেরও ইউটিউবে এত ভিউ নেই! শোয়েব-ঘনিষ্ঠ জাইন দিলেন আরও একটি চমকপ্রদ তথ্য, ‘শোয়েবের ভিডিওগুলোর বেশি ভিউ কিন্তু বাংলাদেশ আর ভারতে। ৬০ থেকে ৭০ শতাংশ ভিউ তার এই দুই দেশ থেকে আসে।’

জাইনের তথ্য কতটা সঠিক, সেটি নির্ণয় করা এই মুহূর্তে কঠিন। তবে এটা ঠিক, শোয়েব এখন বেশির ভাগ ‘বোমা’ ফাটান ইউটিউবেই! আর সেই বোমার প্রভাব এতটাই, ‘ভাইরাল’ হয়ে যায় পুরো উপমহাদেশে। ইউটিউব আকর্ষণীয় এক মাধ্যম হয়ে যাওয়ায় পাকিস্তানের বেশির ভাগ সাবেক ক্রিকেটার এই পথে হাঁটতে শুরু করেছেন। সংবাদমাধ্যমকে এড়িয়ে যা বলার বলছেন নিজের চ্যানেলেই।

ইউটিউব চ্যানেলে শোয়েবের যেহেতু সবচেয়ে বেশি ভক্ত-অনুসারী, তাঁর প্রতিটি মন্তব্য নিশ্চয়ই ভীষণ প্রভাব ফেলে দেশটির ক্রিকেটে? পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মিডিয়া বিভাগে কর্মরত এক কর্মকর্তা বললেন অন্য কথা, ‘না, শোয়েব জনপ্রিয় হতে পারেন, তবে তাঁর মন্তব্য মোটেও প্রভাববিস্তারী নয়। তাঁর কোনো মন্তব্য পিসিবি খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে, এমন উদাহরণ কমই আছে। তবে ইউটিউবে জনপ্রিয় পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার রমিজ রাজার মন্তব্য বেশ গুরুত্বের সঙ্গে নেয় পিসিবি, এমনকি দেশের সব ক্রিকেটপ্রেমীই। রমিজের ব্যক্তিত্ব ও ব্যাকগ্রাউন্ডের কারণে হয়তো এটা হয়। শোয়েব বিনোদন দেন, রমিজ রাজা গুরুত্বপূর্ণ কথা বলেন।’

সকালে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের প্রেসবক্সে বাংলাদেশ থেকে আসা একমাত্র সাংবাদিক জানার পর এই প্রতিবেদককে জাইনের অনুরোধ, তাঁর ইউটিউব চ্যানেলে একটু কথা বলতে হবে! বোঝা গেল, শোয়েব শুধু ক্রিকেটারদের নয়; ডিজিটাল প্ল্যাটফর্মে পথ দেখাচ্ছেন অন্যদেরও!