গত দুই মাস ভালোভাবে ‘নিশ্বাস’ নিতে পারেননি মামুনুল ইসলাম। তাঁর ওপর থেকে কাল এক বছরের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় তা নিতে পারলেন। এই মিডফিল্ডার তাই উচ্ছ্বসিত, ‘জাতীয় দলে না খেললে কোনো মূল্য নেই। গত দুই মাস দুঃসহ কেটেছে। বুকভরে নিশ্বাস নিতে পারছি এখন।’
মিডফিল্ডার সোহেল রানাও ‘নিশ্বাস’ নিতে পারছেন। মামুনুলের সঙ্গে তাঁর ছয় মাসের নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে বাফুফে। এই খেলোয়াড়েরা ক্ষমা চাইলে ক্ষমা করা হবে—বলেছিলেন জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ। তারপরই দুজন ক্ষমা চেয়ে চিঠি দেন।
জাতীয় দলে নিষিদ্ধ বাকি দুই ফুটবলার জাহিদ ও ইয়াছিন এখনো ক্ষমা চাননি। সেটি চাইলে তাঁরাও ক্যাম্পে ডাক পাবেন। তবে নিষিদ্ধ এই খেলোয়াড়েরা ফিরতে উদ্গ্রীব ছিলেন না। বাফুফের কর্মকর্তারাই আগ বাড়িয়ে ক্ষমাশীল হয়ে উঠেছেন। তাঁদের ভাষায়, জাতীয় দলের প্রয়োজনেই এঁদের দরকার।
অথচ দল থেকে শৃঙ্খলা হারিয়ে যাওয়ায় সাফ ও বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশ ছিল ছন্নছাড়া। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাই গত ২ মার্চ জাতীয় দলে নিষিদ্ধ করা হয় এই চারজনকে। তখন বলা হয়েছিল, আপিলের কোনো সুযোগ নেই। কিন্তু বাফুফের নির্বাচনের পর দৃশ্যপট গেছে বদলে। নির্বাচিত কর্মকর্তারা নতুন করে সব শুরুর প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে ‘ফুটবলের স্বার্থে’ মনে হচ্ছে তাঁরা হাঁটতে শুরু করেছেন পেছন দিকে। পুরোনো কোচ লোডভিক ডি ক্রুইফের সব তির্যক কথাবার্তা হজম করে যেমন তাঁকেই আবার ফিরিয়ে আনা হচ্ছে।
এসব নিয়ে প্রশ্ন করলে কাল বাফুফের জাতীয় দল কমিটির সভা শেষে জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী খেলোয়াড়দের ফেরানোর ব্যাপারে দিলেন নানা যুক্তি, ‘জাতীয় দলে আমাদের খেলোয়াড়-স্বল্পতা আছে এটা স্বীকার করতেই হবে। তা ছাড়া জাতীয় দল শেষ তিনটি টুর্নামেন্টে প্রত্যাশিত ফল পায়নি। তাই আমাদের মূল উদ্দেশ্য সামনের ম্যাচে ভালো করে সামনে এগিয়ে যাওয়া।’ জাতীয় দল কমিটির সহসভাপতি তাবিথ আউয়ালের কথা, ‘ওরা অপরাধ করে ভুল স্বীকার না করায় সাসপেন্ড করা হয়েছিল। এখন সেটা তুলে নিলেও আগামীর জন্য সতর্কবার্তা থাকবে।’