'শ্যামলাল'দের যে রেকর্ড উপহার দিল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরে হতাশার যত রেকর্ড গড়েছে বাংলাদেশ। ছবি: শামসুল হক
মিরপুরে হতাশার যত রেকর্ড গড়েছে বাংলাদেশ। ছবি: শামসুল হক
• ১৫ সেশনের টেস্ট সাড়ে সাত সেশনে চুকেবুকে দেওয়াতেই তো যত বুদ্ধির ঝিলিক!
• ১১ ব্যাটসম্যান দুই ইনিংস মিলিয়ে আমরা টিকেছি ৪৫১ বল।

‘শাদায় কালোয় কি খেলা জানে?

ভাবিয়া ভাবিয়া না পাই মানে।’

সুকুমার রায়ের ‘আশ্চর্য’ কবিতার শেষ দুই পঙ্‌ক্তি। মিরপুর টেস্টের ‘আশ্চর্য’ হারে গলায় বিষম খেলে একটু খাঁকারি দিয়ে আসুন পাঠ করি—‘এগারো সাদায় কালোর ওপর কি খেলা জানে/ ভাবিয়া ভাবিয়া না পাই মানে!’
বুঝতে না পেরে আবারও বিষম খেলে দু-একটি শব্দের সুষম ব্যবচ্ছেদ করা যায়—এই এগারো ‘সাদা’ মানে বাংলাদেশ দল। ‘কালোর ওপর’ হলো শেরেবাংলার উইকেট, যা রোশেন সিলভার ভাষায় শ্রীলঙ্কার রাস্তার মতো! তো, সেই ‘রাস্তা’র ঘূর্ণিঝড়ের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের ‘এগারো সাদা’র অবস্থা হলো যেন সুকুমার রায়ের ‘আশ্চর্য কবিতা’ গল্পের সেই লাইনগুলোর মতো—

‘পাঁড়েজির ছাগলের একহাত দাড়ি,
অপরূপ রূপ তার যাই বলিহারি!
উঠানে দাপট করে নেচেছিল কাল—
তার পর কি হইল জানে শ্যামলাল।’

আবারও বিষম খাচ্ছেন বুঝি? বেয়াদবি মার্জনা করুন, ক্রিকেটারদের ছাগল হওয়ার প্রশ্নই ওঠে না। তবে স্পিনারদের ঘূর্ণিপাকে ব্যাটসম্যানদের ‘ছাগল’ বনে যাওয়াও নতুন কিছু নয়। দুনিয়ার আনাচকানাচে নানা রূপ-রসের বাইশ গজে এ হরহামেশাই হচ্ছে! এতে দোষের কিছু নেই। দোষ যদি কারও হয়ে থাকে, সেটা ‘শ্যামলাল’দের—চট্টগ্রাম টেস্টে হারতে হারতে ড্র করার আনন্দে আমরা মানে ক্রিকেটমোদী ‘শ্যামলাল’রা কী নাচটাই নেচেছি!
কিন্তু তারপর যা ঘটে গেল, তাতে মাথা কুটে মরুন কিংবা নাকে খত দিয়ে যতই বলুন—ঘাট মানছি, ওঁদের খেলা আর দেখব না—ক্রিকেটারদের কিন্তু দোষ দিতে পারবেন না।

আবারও বিষম খেলেন? এবার গলা খাঁকারি না দিয়ে মাথাটা ওষুধের কৌটোর মতো ঝাঁকান ভালোমতো। তারপর গালে হাত দিয়ে উদাস নয়নে ভেবে বলুন তো—শেরেবাংলার ‘কালো রাস্তা’ কামড়ে পড়ে থাকার পরীক্ষায় কোন দিন বেশি বিপজ্জনক? তৃতীয় না পঞ্চম? যদি তৃতীয় হয় তাহলে কোনো কথা নেই, কিন্তু পঞ্চম হলে একখান কথা আছে—ওই বিষম ঘূর্ণিপাকে টেস্ট পাঁচ দিন পর্যন্ত টেনে নিজের হাঁটু আর কোমরের নাট-বল্টু ঢিলে করবে কোন বোকা? তাই ১৫ সেশনের টেস্ট সাড়ে সাত সেশনে চুকেবুকে দেওয়াতেই তো যত বুদ্ধির ঝিলিক!

শুধু ঝিলিক নয় ফিনিক দিয়ে শরীরের ঘামও ছুটেছে। পাঁচ দিনের টেস্ট প্রায় আড়াই দিনে নামিয়ে আনা কি আর চাট্টিখানি কথা! সে জন্য পরিশ্রমী হওয়ার সঙ্গে মনটাও উদার হতে হয়। কিন্তু ‘শ্যামলাল’রা কি আর সে কথা বোঝে! তাঁদের কাছে তো ফলটাই মুখ্য, তথ্য-উপাত্ত গৌণ। কিন্তু এবার যে আর তথ্য-উপাত্ত পেশ না করে পথ নেই। নইলে যে আমাদের ব্যাটসম্যানদের ‘উদারনীতি’ অবলম্বন চেষ্টার রূপ-রস-গুণ কিছুই বোঝা যাবে না।

প্রথমেই আসা যাক ‘ফলস শট’ প্রসঙ্গে। বাংলায় অর্থটা ‘ভুল শট’ কিংবা ব্যাটে-বলে সেভাবে হয়নি হিসেবে ধরতে পারেন। টেস্ট মর্যাদা পাওয়ার পর সব মিলিয়ে আমাদের ক্রিকেটারদের ‘ফলস শট’ খেলার হার ১২.৮ শতাংশ। কিন্তু মিরপুর টেস্টের চতুর্থ ইনিংসে ব্যাটসম্যানদের এ ধরনের শট খেলার হার ছিল ২১.৪ শতাংশ। টেস্টটাকে চতুর্থ দিনে যাওয়া আটকানোর চেষ্টা নয় তো কী!

তাতেও মন সায় না দিলে আরও একটি ‘নজরানা’ পেশ করা যায়। তার রন্ধ্রে রন্ধ্রে কিন্তু শুধুই ‘লঙ্কাপ্রেম’—মিরপুরে আমাদের দ্বিতীয় ইনিংস ছিল ২৯.৩ ওভারের। যত দ্রুত সম্ভব অলআউট হতে প্রতিপক্ষ দলকে খুব কম বল করানোর হিসেবে এটা আমাদের চতুর্থ সেরা পারফরম্যান্স! এ খাতে আগের শীর্ষ তিন পারফরম্যান্সের মধ্যে দুটোতেই প্রতিপক্ষ আবার শ্রীলঙ্কা। তার মধ্যে শীর্ষ পারফরম্যান্সটাও সেই শ্রীলঙ্কারই বিপক্ষে।

না, ভুল করছেন। লঙ্কাপ্রেম এত অল্পেই শেষ হওয়ার নয়। মিরপুরে দুই ইনিংস মিলিয়ে আমরা টিকেছি ৪৫১ বল। টেস্টে দুই ইনিংসেই অলআউট হওয়ার রেকর্ডপত্র ঘাঁটলে দেখা যায়, এটা (দুই ইনিংস মিলিয়ে) আমাদের দ্বিতীয় সেরা পারফরম্যান্স! এরপরও বলবেন হাড়ভাঙা খাটুনির পাঁচ দিনের টেস্ট ক্রিকেটে ছেলেরা দুই দিন হাতে রেখে একটু জিরিয়ে চেষ্টা করেনি!

সেই চেষ্টায় আমরা কিন্তু শ্রীলঙ্কাকেই মাথায় করে রেখেছি। প্রতিপক্ষকে কম খাটিয়ে দুই ইনিংসেই অলআউট হওয়ার ক্ষেত্রে আমাদের সেরা পারফরম্যান্স কিন্তু সেই শ্রীলঙ্কারই বিপক্ষে। ২০০৫–০৬ মৌসুমে কলম্বো টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪৩০ বল।

এই আমাদেরই ‘উদারহস্তে উইকেট বিসর্জন’ নীতির কল্যাণে শ্রীলঙ্কা কিন্তু একটা রেকর্ড নতুন করে লেখাতে পেরেছে। প্রতিপক্ষ দলকে সর্বনিম্ন রান দিয়ে ২০টি উইকেট নেওয়ার রেকর্ড। দুই ইনিংসে আমরা ২৩৩ রান নেওয়ার বিনিময়ে দিয়েছি ২০ উইকেট। আগে এ রেকর্ডটা ছিল জিম্বাবুয়ের, প্রাক্তন রোডেশিয়ানরা একবার ২০ উইকেট হারাতে ২৭২ খরচ করিয়ে নিয়েছিল শ্রীলঙ্কানদের।

সত্যিই, এই প্রেম এই উদারহস্ত নীতির কী মানে, তাহা ভাবিয়া না পাইলেও কী হইল, তাহা শুধু শ্যামলালেরাই জানে!