'সতর্ক' করা হলো সাব্বিরকে
জস বাটলারকে ‘প্ররোচিত’ করায় মাশরাফি বিন মুর্তজার সঙ্গে শাস্তিস্বরূপ সাব্বির রহমানেরও ম্যাচ ফি কাটা হয়েছে ২০ শতাংশ। এই শাস্তির পাশাপাশি তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ‘ডিমেরিট’ পয়েন্টও। সাব্বিরের এই ‘ডিমেরিট’ পয়েন্ট নিয়ে চিন্তিত বাংলাদেশ দলও।
দলীয় সূত্রে জানা গেছে, সাব্বিরকে দলের পক্ষ থেকেই ‘সতর্ক’ করে দেওয়া হয়েছে ভবিষ্যতে আচরণে সংযত থাকতে। তার মানে, তিনি একেবারে কিছুই করতে পারবেন না, তা নয়। তবে তাঁকে সব করতে হবে সীমা বজায় রেখে।
আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ২৪ মাস সময়ের মধ্যে কোনো খেলোয়াড় ৪ ‘ডিমেরিট’ পেলে সেটি রূপান্তরিত হবে ২ নিষেধাজ্ঞা পয়েন্টে। এতে ১ টেস্ট কিংবা ২ ওয়ানডে বা ২টি টি-টোয়েন্টি নিষিদ্ধ হতে হবে সংশ্লিষ্ট খেলোয়াড়কে। আফগানিস্তান সিরিজেই ২ পয়েন্ট পাওয়ায় সাব্বিরের ‘ডিমেরিট’ পয়েন্ট এখন ৩। আরেক পয়েন্ট যোগ হলেই সাব্বিরের ওপর নেমে আসবে নিষেধাজ্ঞার খড়্গ। এ কারণেই সাব্বিরকে নিয়ে বাংলাদেশ দলের সতর্কতা।