'সন্দেহ' হচ্ছে না তামিমের

বরিশাল বুলসের বিপক্ষে আজ বোলিংয়ে দারুণ শুরুর পরও খেই হারিয়ে ফেলল চিটাগং কিংস। শুরুতে যে বোলাররা এত দাপুটে ছিলেন, রানের চাকা আটকে আর উইকেট ফেলে কোণঠাসা করে ফেললেন প্রতিপক্ষকে, তারাই শেষ সাত ওভারে দিলেন ৯৮ রান! এর মধ্যে ১৯তম ওভারটা রীতিমতো চোখে বিঁধেছে। ম্যাচের নায়ক কেভন কুপার হতে পারেন, মাহমুদউল্লাহ দারুণ এক ইনিংস খেলতে পারেন; তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চট্টগ্রামের হয়ে করা এলটন চিগুম্বুরার ওই ১৯তম ওভার।
প্রথম বলেই ছক্কা মারলেন কুপার। চরম বাজে একটা ডেলিভারি। দ্বিতীয় বলটা হাই ফুলটস। কুপার বাউন্ডারি মারলেন। পরের দুটো ওয়াইড। ওভারের দ্বিতীয় বলটা ‘সঠিক’ করতেই লাগল চার বল! চতুর্থ বলটাও হলো খুবই বাজে। কুপার লং-অফ দিয়ে মারলেন উড়িয়ে। চিগুম্বুরার এক ওভারেই উঠল ২২। চিগুম্বুরার বাজে বোলিংয়ে অসন্তুষ্ট তামিম ইকবালও। চিটাগং অধিনায়কের প্রতিক্রিয়া, ‘আমি তো হাতে ধরে বুঝিয়ে দিতে পারব না, এই পর্যায়ে আপনাকে কী করতে হবে। অধিনায়ক হতে পারি, বলতে পারি না এভাবে করো, এভাবে খেল।’
ওই ওভারের একপর্যায়ে চিগুম্বুরার সঙ্গে আলোচনাও করেছিলেন তামিম। তবে অধিনায়কের পরামর্শ ঠিকমতো কাজে লাগাতে পারেনি জিম্বাবুয়ের পেসার। তামিম বললেন, ‘সে জিজ্ঞেস করছিল, কোন জায়গায় কী বল করলে ভালো হয়। তবে যেটা চাচ্ছিলাম, সেটা হয়নি। বিপরীত হয়েছে। সত্যি বলতে, বোলারকে দায়ী করা যায় না। ক্রিকেটে এমনটা হতেই পারে।’
চিগুম্বুরাকে কী পরামর্শ দিয়েছিলেন, সেটাও জানালেন তামিম, ‘আমরা জানতাম কুপার কভার ও স্ট্রেট ড্রাইভ ভালো খেলে। ওর স্কোয়ার লেগ ও মিড উইকেট অঞ্চল অনেক বড় ছিল। এলটনকে বলার চেষ্টা করছিলাম, ওই জায়গা অনুযায়ী বল করতে। ওই জায়গায় সে মারলে তাকে আউটের সুযোগ থাকে। সেটা না হলেও অন্তত সিঙ্গেল হবে। কারণ তার বাউন্ডারিটা বড়। দুর্ভাগ্য সে (এলটন) ভুল লাইনেই বল করেছে।’
চিগুম্বুরার প্রথম নো বলের পর দুটো ওয়াইড। যে বলটা ঠিকভাবে করলেন সেটা শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দিয়েছিলেন কুপার। কিন্তু ফ্রি-হিট হওয়ায় বেঁচে যান কুপার। ফ্রি-হিট নিয়েও কথা উঠল। তামিম অবশ্য এটাকে দায়ী না করে দুষলেন নিজেদের বাজে ফিল্ডিংকে, ‘যদি ভুল না করি, আমরা ৫ ম্যাচে এই প্রথম ফ্রি হিট দিয়েছি। এটা হতেই পারে। এ নিয়ে অভিযোগ নেই। আমার আপত্তি ফিল্ডিং নিয়ে। সঠিক মুহূর্তে ক্যাচগুলো যদি নিতাম, তাহলে মাহমুদউল্লাহ আউট হতো, ৭৬ রানে ৬ উইকেট হতে পারত। প্রসন্ন আউট হলে ১০০ বা এমন রানে ৭ উইকেট হতে পারতো। আমরা সুযোগগুলো হাতছাড়া করেছি।’
টি-টোয়েন্টিতে এখন এ ধরনের দৃশ্য মানেই চারদিকে সন্দেহের বুদ্বুদ! চিটাগং শেষ ৪২ বলে যেভাবে ৯৮ রান দিয়েছে, সংবাদ সম্মেলনে তো তামিমকে জিজ্ঞেসই করা হলো, বিষয়টা ‘সন্দেহ’ লাগছে কিনা? তামিম অবশ্য নিষ্কলুষ ক্রিকেটের কথাই জানালেন, ‘সন্দেহজনক নয়। আমরা খারাপ খেলছি। সন্দেহ নিয়ে চিন্তাও করা উচিত নয়। সবাই স্বচ্ছ (ফেয়ার) ক্রিকেট খেলার চেষ্টা করছি।’