'সফল' বিপিএলের তৃপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান
সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান

প্রথম দুটি আসর ছিল বিতর্কে জর্জরিত, সমালোচনায় বিদ্ধ। শুধু মাঠে নয়, মাঠের বাইরে অনেক কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করে তুলেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল)। এসব বিতর্কের কারণে প্রায় আড়াই বছর বন্ধও রাখতে হয়েছিল টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। নেতিবাচক এ ভাবমূর্তি থেকে বেরিয়ে এসে তৃতীয় আসরটি কতটা সফল হবে, স্বাভাবিকভাবেই সেই প্রশ্নও ছিল। তবে সব দিক থেকেই এবারের বিপিএল সফল বলে দাবি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।
আসরের সাফল্য-ব্যর্থতা নিয়ে কথা বলতে গিয়ে কাল মিরপুরে এক সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেছেন, ‘বিপিএল প্রথম ও দ্বিতীয় আসরে বেশ কিছু সমস্যা ছিল। এর মধ্যে পাওনা নিয়েই জটিলতার সৃষ্টি হয়েছিল বেশি। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে বোর্ডের টাকা আদায় এবং ম্যাচ ফিক্সিংয়ের মতো সমস্যাও ছিল। আমাদের পরিকল্পনা ছিল তৃতীয় আসরকে সুশৃঙ্খলভাবে আয়োজন করা। তাতে আমরা সফল হয়েছি। পুরোনো সমস্যাগুলোর পুনরাবৃত্তি হয়নি। এসব বিবেচনায় আমি এবারের বিপিএলকে সফলই বলব।’
আগের দুই আসরে পাওনা ঠিকমতো বুঝে না পাওয়ার অভিযোগ তুলেছিলেন খেলোয়াড়েরা। তবে এবার বিসিবি সভাপতি দাবি করেছেন, চিটাগং ভাইকিংস খেলোয়াড়দের পাওনা শতভাগ পরিশোধ করেছে। এ ছাড়া রংপুর রাইডার্স বিদেশি ক্রিকেটারদের শতভাগ পাওনা পরিশোধ করেছে, স্থানীয়দের ৭৫ শতাংশ। বরিশাল বুলস, সিলেট সুপারস্টার্স, ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানসও ক্রিকেটারদের ৭৫ শতাংশ পাওনা পরিশোধ করেছে।
দ্বিতীয় আসর কলঙ্কিত হয়েছিল ফিক্সিংয়ের কারণে। তবে এবার কোনো ফিক্সিংয়ের অভিযোগ পাওয়া যায়নি বলেই জানিয়েছেন নাজমুল হাসান, ‘খেলা দেখলে বোঝা যায়, এখানে ফিক্সিং আছে কি না? আগের আসরে যা ধরা পড়েছে। এবার আমাদের চোখে এমন কিছুই ধরা পড়েনি। এবার স্থানীয় আকসু টিম কাজ করছে। ওদের কাছ থেকে আমরা এখন পর্যন্ত কিছু পাইনি।’
বিপিএল শুরুর কিছুদিন আগেই অস্ট্রেলিয়া দল নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করেছে। সফরে আসেনি দক্ষিণ আফ্রিকা মেয়েদের দলও। তবে বিপিএলে খেলা বিদেশি খেলোয়াড়দের সন্তুষ্টি নিরাপত্তা নিয়ে ক্রিকেট-বিশ্বকে ইতিবাচক বার্তা দেবে বলেই মনে করেন নাজমুল, ‘৬৫ জন বিদেশি খেলোয়াড়, ৬ জন কোচ-ফিজিও এবার টুর্নামেন্টে অংশ নিয়েছেন। তারা প্রত্যেকেই এই টুর্নামেন্টের ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন, বাংলাদেশে খেলতে তাঁরা স্বচ্ছন্দবোধ করেন, সামনে আরও খেলতে আগ্রহী। এটা আমাদের জন্য একটি ইতিবাচক দিক।’
এ সাফল্যের কারণেই হয়তো বিপিএল থেকে কত আয় হলো সেটা জানাতেও দ্বিধা করেননি বিসিবি সভাপতি, ‘এবারের বিপিএলে সব খরচ বাদ দিয়ে আমাদের কাছে আছে ২৫ কোটি টাকা।’
শুধু সাংগঠনিক কিংবা আর্থিক সাফল্যই নয়, ক্রিকেটীয় বিচারেও এবারের বিপিএলকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নাজমুল হাসান, ‘টি-টোয়েন্টিতে বাংলাদেশ অনেক পিছিয়ে। এই ফরম্যাটে আমরা এখনো পারদর্শী হয়ে উঠতে পারিনি। ওয়ানডেতে আমাদের যে আত্মবিশ্বাস আছে, সেটা এই ফরম্যাটে নেই। আমাদের মূল উদ্দেশ্য ছিল এই ফরম্যাটের সঙ্গে ক্রিকেটারদের মানিয়ে নেওয়ার ব্যবস্থা করা। কেননা সামনে আমাদের এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেদিক থেকে আমরা মনে করি, বাংলাদেশের ভালো অনুশীলন হয়েছে।’