'সব দলে পাঁচ-ছয়টা সাকিব থাকে না'

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়টা এসেছে ঢাকায়। ২০ রানের এ জয়টা এসেছে সাকিব আল হাসান-তামিম ইকবালে সওয়ার হয়ে। তবে প্রতি ম্যাচে তো সাকিব-তামিমের ওপরে সওয়ার হওয়া সম্ভব নয়। তাহলে যে টেস্টে বড় দল হয়ে ওঠা হবে না বাংলাদেশের। চট্টগ্রাম টেস্টের আগে অধিনায়ক মুশফিকুর রহিমের আশা, দ্বিতীয় ম্যাচে এই দুই তারকার সঙ্গে জ্বলে উঠবেন বাকিরাও।
প্রথম ইনিংসে ৮৪ রান, ম্যাচে ১০ উইকেট—ঢাকা টেস্টের সাকিব, এক কথায় দুর্দান্ত! অসাধারণ খেলেছেন তামিম ইকবালও। কঠিন উইকেটে দুই ইনিংসে বাঁহাতি ওপেনারের রান ৭১ ও ৭৮। সাকিব-তামিমের এই পারফরম্যান্সে অধিনায়কের মুশফিকের মুগ্ধতা যেন কাটছেই না, ‘সব দলে পাঁচ-ছয়টা সাকিব থাকে না। কোনো দলে না-ও থাকতে পারে। আমাদের দলে এমন একজন খেলোয়াড় আছে। সাকিব-তামিম সব সময়ই আমাদের দলে বড় অবদান রাখে। সবাই প্রত্যাশা করে ওরা খুব ভালো করবে। তামিম-সাকিব যেভাবে খেলছে তাতে শুধু বাংলাদেশ নয়, আমার মনে হয় বিশ্ব ক্রিকেটে এই সময়ে তারা সবচেয়ে ধারাবাহিক পারফরমার।’
সাকিব-তামিমে মুগ্ধ হলেও মুশফিকের চিন্তা অন্য জায়গায়। বাংলাদেশ টেস্ট অধিনায়কের চাওয়া এই দুই তারকার সঙ্গে এবার জ্বলে উঠবেন বাকিরাও, ‘সাকিব-তামিম বাদ দিলে আমরা কিন্তু কেউই নব্বই কিংবা শতভাগ দিতে পারিনি। কেউ কেউ ৫০-৬০ ভাগ দিয়েছি। দলের সবাইকে বার্তা দেওয়া আছে, এমন শক্তিশালী দলের বিপক্ষে দুই-তিনজন ভালো করে জিতে যাচ্ছি। যদি চার-পাঁচজন ভালো খেলতে পারি, ভেবে দেখুন আমাদের দলটা কত শক্তিশালী হতো। সবাই ফ্রেশ আছে, এগিয়ে যেতে তৈরি। আবহাওয়া ভালো থাকলে আশা করি ভালো একটা টেস্ট হবে।’