'সবচেয়ে অপেশাদার ডব্লুআইসিবি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কী করলে বোর্ডের মন গলবে, ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়েরা এখন এটাই হয়তো ভাবছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এনেছেন স্যামিরা, প্রথম দল হিসেবে দ্বিতীয়বারের মতো এই ট্রফিটা জয়। কোথায় পুরস্কার, সম্মান, প্রশংসায় ভেসে যাওয়ার কথা ক্যারিবীয় ক্রিকেটারদের, অথচ স্যামি-গেইল-ব্রাভোদের মুখে কিনা এখনো বেতন, চুক্তি নিয়ে বোর্ডের সমালোচনা থাকছে!
ইংল্যান্ডের সঙ্গে রুদ্ধশ্বাস ফাইনালে জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডব্লুআইসিবি ও এর সভাপতি ডেভিড ক্যামেরনের আচরণে হতাশা জানিয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি। এবার বোর্ড ও বোর্ড সভাপতিকে নিয়ে অসন্তোষ জানালেন ডোয়াইন ব্রাভোও। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডারের চোখে ডব্লুআইসিবি ‘বিশ্বের সবচেয়ে অপেশাদার’ আর বোর্ডের সভাপতি ক্যামেরন একজন ‘অপরিপক্ব’, ‘উদ্ধত’ ও ‘সংকীর্ণমনা’ ব্যক্তি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগেই বোর্ডের সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলা ছিল ক্যারিবীয় খেলোয়াড়দের। সেই ঝামেলা পেছনে ফেলে বিশ্বজয় করে ফিরেছেন স্যামি-ব্রাভোরা। কিন্তু এরপর থেকে বিষয়টা যেন আরও বেশি করে আলোচনায় আসছে। গতকাল ত্রিনিদাদের এক টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাভোও সুর মিলিয়েছেন স্যামির সঙ্গে, ‘বোর্ড সভাপতি একজন অপরিপক্ব ও ছোট মনের মানুষ। বেশ উদ্ধতও। অনেকেই জানে না, খেলোয়াড় হয়েও আমাদের বোর্ডের সঙ্গে কেমন ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়। আমার মনে হয়, এটা বিশ্বের সবচেয়ে অপেশাদার বোর্ড!’
উইন্ডিজ বোর্ডের অপেশাদারত্বের পরিচয় বেশি করে ফুটে ওঠে বিশ্বকাপের সময়ে। বিশ্বকাপের ঠিক আগে ক্যারিবীয় খেলোয়াড়েরা জানতে পারলেন, তাঁদের জার্সিতে নাম-নম্বর লেখা নেই। সেটি মনে করিয়ে দিয়ে ব্রাভো বললেন, ‘আমরা ভারত গেলাম, অথচ আমাদের জার্সিতে নামও লেখা ছিল না। আমাদের ম্যানেজার দলের ক্যাম্প ছেড়ে ভারতে গিয়ে জার্সিতে খেলোয়াড়দের নাম ও নম্বর লিখিয়ে নিয়ে এলেন। পুরো টুর্নামেন্টে আমাদের মাথায় কোনো ক্যাপ ছিল না।’
ক্যাপ ছাড়া খেলেই ক্যারিবীয়রা মাথা উঁচু করে বাড়ি ফিরেছেন। কিন্তু এখনো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে পুরোনো বিতর্ক। ক্যারিবীয় খেলোয়াড়দের নিয়ে প্রচলিত অভিযোগ, তাঁরা বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলে টাকা কামাতে চান, অথচ ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাপারে অত ‘সিরিয়াস’ নন। তবে ব্রাভো সেটি মানতে রাজি নন, ‘সবাই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের প্রতি আমাদের নিবেদন নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু তাঁরা বিষয়টা বুঝতে পারছেন না। চুক্তি নিয়ে সব সময়ই বোর্ডের সঙ্গে আমাদের ঝামেলা ছিল, কিন্তু বোর্ড খেলোয়াড়দের সঙ্গে এ নিয়ে আলোচনা করতে রাজি নয়।’
বোর্ড-খেলোয়াড়দের মিল না হওয়াতেই হয়তো ২০১৬ সালে আইসিসি আয়োজিত সবগুলো টুর্নামেন্ট জিতেও সুসময়ের আশা করতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। সূত্র: জ্যামাইকান অবজারভার।