'সবার এখন অনেক আত্মবিশ্বাস'

আইপিএলের মাঝে পাকিস্তানের বিপক্ষে সিরিজ, তাই কলকাতা নাইট রাইডার্সের হয়ে গতকাল দ্বিতীয় ম্যাচটি খেলেই দেশে ফেরার কথা সাকিব আল হাসানের। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ওপর নিষেধাজ্ঞা থাকায় ১৭ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অধিনায়কও থাকবেন তিনি। ঢাকায় ফেরার আগে উইজডেন ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে টেস্ট ও টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার কথা বলেছেন সদ্য শেষ হওয়া বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে। আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট, তরুণ প্রতিভা ও ভবিষ্যৎ সম্ভাবনাসহ আরও অনেক প্রসঙ্গ
বিশ্বকাপে সামগ্রিক পারফরম্যান্স
আমাদের বেশির ভাগ খেলোয়াড়ই বিশ্বকাপের আগে কখনো অস্ট্রেলিয়ায় খেলেনি। আমরা তাই রোমাঞ্চিত ছিলাম। আমার মনে হয়, বাংলাদেশ আর আয়ারল্যান্ডের ওপর অনেকের চোখ ছিল। তাই পারফরম্যান্সটা নজরে পড়েছে। বিশ্বকাপে ভালো করায় দেশেও পরিস্থিতি অনেক বদলেছে। সবার মধ্যে এখন অনেক আত্মবিশ্বাস। আমাদের ওপর আস্থা ও প্রত্যাশা দুটোই বেড়েছে। আমরা যত বেশি দেশের বাইরে খেলব, তত উন্নতি হবে।
মাহমুদউল্লাহর পারফরম্যান্স
সে আমাদের প্রত্যাশা ছাড়িয়ে গেছে। আমার মনে হয় না, কেউ ভেবেছিল মাহমুদউল্লাহ এত ভালো করবে। তার যোগ্যতা আছে বলেই সে অনেক দিন ধরে জাতীয় দলে খেলছে। সে আমাদের ভালো এবং অভিজ্ঞ খেলোয়াড়দের একজন। কিন্তু বিশ্বকাপের মতো আসরে বড় দলের বিপক্ষে পরপর সেঞ্চুরি, এমন পারফরম্যান্স আসলেই দুর্দান্ত।
পেসারদের নিয়ে
শুধু রুবেল-তাসকিন নয়, আমাদের এ রকম আরও কয়েকজন বোলার আছে। সমস্যা হচ্ছে, বড় টুর্নামেন্ট না হলে এগুলো খুব একটা চোখে পড়ে না। আমাদের শফিউল ইসলামও মাঝে মাঝে ১৪৫ কিলোমিটার গতিতে বল করে। শাহাদাত হোসেনও। আমাদের আরও কয়েকজন খেলোয়াড় আছে যারা গত কয়েক বছরে খুব ভালো করছে। দেশের সংবাদমাধ্যমে তাদের নিয়ে আলোচনাও হচ্ছে। তবে বাইরের মানুষজন এখনো তাদের চেনে না।
তরুণ খেলোয়াড়দের নিয়ে
আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটের অবকাঠামোটা অনেক দিনেরই। এখন বয়সভিত্তিক দলের কাঠামোটাও খুব ভালো। এখন তাই অনেক খেলোয়াড় বের হচ্ছে। আমাদেরও বেছে নেওয়ার জন্য অনেক বিকল্প থাকছে। তরুণ খেলোয়াড়েরা দলে জায়গা পেয়ে পারফর্মও করছে। সৌম্য সরকার কিংবা তাসকিনকে দেখুন, বিশ্বকাপে বেশ ভালো করেছে। এই যে দলে এসেই ওরা নিজেদের মেলে ধরতে পারছে, এটা আমাদের জন্যও দারুণ ব্যাপার। যদি তরুণেরা এভাবে পারফর্ম করে যেতে পারে, বিশ্বকাপে আমরা যে রকম খেলেছি আমার মনে হয় সেই মানটা ধরে রাখতে পারব কিংবা এর চেয়েও ভালো করতে পারব। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডের জন্য রনি তালুকদারকে ডাকা হয়েছে। সে খুবই ভালো ব্যাটসম্যান। লিটন দাস এমন আরও একজন। এখন দলে জায়গা পাওয়ার জন্য তরুণদের মধ্যে একটা সুস্থ প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে, যা আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে।
বড় দলের সঙ্গে নিয়মিত খেলার সুযোগ প্রসঙ্গে
এটা সত্যি, আমরা বড় দলগুলোর বিপক্ষে খুব বেশি খেলার সুযোগ পাই না। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মতো দেশগুলোয় সফর না করলে সর্বোচ্চ পর্যায়ের জন্য আমরা কখনোই তৈরি হব না। অবশ্য পরিস্থিতি এখন কিছুটা বদলাচ্ছে। কদিন পর পাকিস্তান আসছে বাংলাদেশে এরপর ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াও আসবে। এ মুহূর্তে বড় দলগুলোর বিপক্ষে আমাদের ঠাসা সূচি। আশা করি, বড় দলগুলো অন্তত নিয়মিতই সফরে আসবে। কিন্তু এই দেশগুলোতে সফর না করলে বুঝতে পারব না আসলেই আমরা কতটা ভালো বা খারাপ। সেই সুযোগটা পাওয়ার আগ পর্যন্ত আশা করছি দেশের মাটিতে অন্তত এ রকম সিরিজ চলবে।
নিজেদের করণীয়
প্রথমত, বাংলাদেশে সবকিছুই ঢাকাকেন্দ্রিক। আমরা যদি এটাকে চট্টগ্রাম-খুলনার মতো বিভাগীয় শহরগুলোতে ছড়িয়ে দিতে পারি, সেখানে অবকাঠামো গড়ে তুলতে পারি আরও অনেক খেলোয়াড় বেরিয়ে আসবে। দ্বিতীয়ত, আমাদের ‘এ’ দলের আরও বেশি সিরিজ খেলতে হবে। এখনো খেলে, কিন্তু এটা আরও বাড়াতে হবে। ‘এ’ দলের খেলা বেশি গুরুত্বপূর্ণ কারণ ওরাই একসময় জাতীয় দলে আসবে। তাদের তাই ওইভাবে তৈরি করতে হবে। আমার মনে হয় ‘এ’ দলের নিয়মিত ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ড কিংবা অন্য দেশে গিয়ে খেলা উচিত।
আইপিএল পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাচ্ছে কি না
পাকিস্তান সিরিজ তো আমার মাথায় সব সময়ই আছে। আমি এখানে আইপিএলে দুটি ম্যাচ খেলেই দেশে ফিরছি। তবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে যেভাবে অনুশীলন করেছি সেটা পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে কাজে দেবে। সত্যি বললে, আইপিএল কিংবা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলাটা আমাকে বেশ সাহায্য করেছে। আমি অনেক বড় খেলোয়াড়দের শক্তি আর দুর্বলতা বুঝতে পারছি। দেশের হয়ে খেলার সময় এই অভিজ্ঞতাটা ভাগাভাগি করতে পারছি। সব সময় যে এটা সাহায্য করছে এমন নয়, কিন্তু বাংলাদেশের জন্য কিছুটা হলেও তো কাজে দিচ্ছে।