'সমস্যাটা মানসিক'
মাশরাফির দাবি, সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে এশিয়াডে সোনা জয় কেন, দেশের মাটিতে যেকোনো দলকে হারানো সম্ভব বাংলাদেশের পক্ষে। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সে মাশরাফিদের সামর্থ্যই তো প্রশ্নবিদ্ধ! এশিয়াডের অধিনায়ক জবাব দিয়েছেন সেই প্রশ্নেরও। শুনুন তাঁর মুখেই
‘সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা দুঃখজনক। হ্যাঁ, হয়তো বড় দলকে বলে-কয়ে হারাতে পারি না আমরা। তবে অন্তত দেশের মাটিতে যেকোনো দলকে হারাতে পারি, বিদেশেও কিছু কিছু জিততে পারি। ২০১২ ও ২০১৩ সালে সেই প্রমাণ আমরা দিয়েছি। আমরা পেরেছিলাম বলেই প্রত্যাশার জায়গাটা তৈরি হয়েছে। এ বছর পারিনি, সবার জন্যই এটা হতাশাজনক। কোনো অজুহাত দেব না। ৭০, ৫৮ রানের পেছনে কোনো যুক্তি থাকতে পারে না। আবার ব্যাটিং ভালো হলে সেদিন বোলিং ভালো হচ্ছে না। আমার মনে হয় সমস্যাটা মানসিক। আমি এটা নিশ্চিত করছি যে পরিশ্রমে কারও কোনো ঘাটতি নেই। সবাই চেষ্টা করছে। তবে শুধু পরিশ্রমই কিন্তু সাফল্যের গ্যারান্টি দেয় না। শারীরিক পরিশ্রমের পাশাপাশি মাঠে মানসিকতার ব্যাপারটিও আছে। যেভাবে অনুশীলন করছে সবাই, সেই মানসিকতাটাকে ধরে রাখতে হবে মাঠের ভেতরেও। সহজাত খেলতে হবে, নিজেকে নিয়ে সংশয় থাকলে চলবে না। আত্মবিশ্বাসী ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। আর আমাদের মতো দলের একজন-দুজন ভালো খেললে হয় না। জিততে হলে চার-পাঁচজনকে একসঙ্গে ভালো খেলতে হয়। বেশির ভাগ সময় আমরা এভাবেই জিতেছি। এখন তামিম ফর্মে ফিরেছে, এনামুল রান পাচ্ছে, মুশফিক-মুমিনুল ভালো করছে, রিয়াদও (মাহমুদউল্লাহ) টেস্টে রান পেল, সাকিব ফিরবে। শিগগিরই আবার দল হিসেবে পারফর্ম করব আমরা, হয়তো এশিয়াড থেকেই। বিশ্বকাপের আগেই সব ঠিক হয়ে যাবে আশা করি।’