'সর্বসম্মতি'তেই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে ভারত

দ্বন্দ্বের রাস্তায় না হেঁটে শেষ পর্যন্ত সর্বসম্মতিতেই চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আজ রোববার দিল্লিতে অনুষ্ঠিত বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় কোনো সদস্যই চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার বিষয়ে বিরোধিতা করেননি। বিসিসিআই জানিয়েছে, ‘বোর্ডের বিশেষ সাধারণ সভায় চ্যাম্পিয়নস ট্রফির সিদ্ধান্ত হয়েছে সবার সম্মতিতেই।’ আগামীকাল সোমবার চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা কথাও বিশেষ সাধারণ সভা শেষে জানিয়েছে বিসিসিআই।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত অবশ্য মোটামুটি নিয়ে ফেলা হয়েছিল গতকাল শনিবারই। দিল্লিতে সুপ্রিম কোর্ট মনোনীত অন্তর্বর্তীকালীন প্রশাসক কমিটির সঙ্গে বোর্ড সদস্যরা বসেছিলেন এক ঘরোয়া সভায়। সেই সভায় উত্তর ও পূর্বাঞ্চলীয় সদস্যরা চ্যাম্পিয়নস ট্রফি বয়কট না করে আইসিসির সঙ্গে লভ্যাংশ নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান প্রশাসক কমিটিকে। আইসিসির কাছ থেকে লভ্যাংশ কমে গেলে সে ক্ষতিটা বড় কোনো প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে পুষিয়ে নেওয়ার আহ্বানও জানিয়েছেন বোর্ড সদস্যরা।
গতকালের সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যরাই চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার কথা বললেও কোনো কোনো সদস্য বিরোধিতাও করেছিলেন। তবে আজকের বিশেষ সাধারণ সভায় ‘বিদ্রোহী’ সদস্যরা চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার পক্ষেই কথা বললে সিদ্ধান্তটা নিতে খুব সমস্যা হয়নি বিসিসিআইয়ের।
গত মাসে ‘তিন মোড়ল-তত্ত্ব’ ও আর্থিক বণ্টন প্রশ্নে আইসিসির বোর্ড সভার ভোটাভুটিতে হেরে যায় ভারত। দুই প্রসঙ্গেই পরাজয়ের ব্যবধানটা ছিল ভারতের জন্য চরম বিব্রতকর। ভোটে হেরে যাওয়ার পর চ্যাম্পিয়নস ট্রফিকে আইসিসির সঙ্গে দরকষাকষির অস্ত্র বানাতে চেয়েছিল বিসিসিআইয়ের একাংশ। তবে বিভিন্ন পারিপার্শ্বিকতা বিচারে শেষ পর্যন্ত সে পথ থেকে সরে এল বিসিসিআই।
২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফির সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ভারত। আইসিসির সঙ্গে দ্বন্দ্বে গিয়ে প্রতিযোগিতায় ভারত অংশ না নিলে আগামী ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া এই আসর স্বাভাবিকভাবেই রং হারাত। শেষ পর্যন্ত ক্রিকেটপ্রেমীদের জন্য সুসংবাদই নিয়ে এল বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা।