'সহজে' টিকিট পাওয়া কঠিন!
ব্যাংকের সামনে দীর্ঘ লাইন বা পুলিশের লাঠিপেটার দৃশ্যটা হয়তো নেই। তবে টিকিট নিয়ে হাহাকার ঠিকই আছে। আফগানিস্তান সিরিজে টিকিট বিক্রি হয়েছে www.shohoz.com ওয়েবসাইটে। কাল থেকে শুরু ইংল্যান্ড সিরিজের টিকিটও বিক্রি হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। কিন্তু টিকিট বিক্রির প্রক্রিয়া যতটা সহজ, নির্বিঘ্ন বা ত্রুটিমুক্ত হওয়ার কথা ছিল, তা হচ্ছে কি না, সে প্রশ্ন উঠেছে।
পরশু রাতে হঠাৎ অল্প কিছু সময়ের জন্য ইংল্যান্ড সিরিজের টিকিট বিক্রি শুরু করে সহজ ডট কম। অথচ তখনো বিসিবি আনুষ্ঠানিকভাবে ঘোষণাই দেয়নি, কাদের দেওয়া হচ্ছে টিকিট বিক্রির দায়িত্ব, টিকিটের দামই বা কত হবে। মিরপুরে কাল টিকিট বিক্রি-সংক্রান্ত সংবাদ সম্মেলনে প্রশ্নটা উঠলে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী দাবি করলেন, ‘এটা নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি গিয়েছিল। আজ আমরা এটির ব্যাখ্যাও দিচ্ছি।’ তবে পরশু কোনো সংবাদমাধ্যমই এ ধরনের কোনো সংবাদ বিজ্ঞপ্তি পায়নি।
‘সহজ’ সিরিজের ৩০-৩৫ শতাংশ টিকিট বিক্রি করবে। অর্থাৎ ২৫ হাজার ধারণক্ষমতার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আট-নয় হাজার টিকিট বিক্রি হবে অনলাইনে। কাল সন্ধ্যায় সাইটের হোম পেজে দেখা গেছে একটি নোটিশ যার সারমর্ম, একসঙ্গে সব টিকিট ছাড়া হবে না। নির্দিষ্ট সময় পরপর ছাড়া হবে অল্প পরিমাণ টিকিট। বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন সহজ ডট কমের প্রধান নির্বাহী মালিহা কাদির, ‘একটু সময় নিয়ে নিয়ে টিকিট ছাড়া হচ্ছে। টিকিট ছাড়ার ৫ মিনিটেই সব শেষ হয়ে গেলে অন্যদের প্রতি অন্যায় হবে। তাই সময় নিয়ে ছাড়ছি।’
টিকিট কেনার নিয়ম অনেকটা আফগানিস্তান সিরিজের মতোই। পরিবর্তন বলতে এবার টিকিট সংগ্রহের স্থান বেড়েছে। তবে এক জায়গা থেকে বেশিক্ষণ টিকিট সংগ্রহের সুযোগ থাকবে না। ‘একটা নির্দিষ্ট সময় পর কিছু লোকেশন বন্ধ হয়ে যাবে। তখন অন্য লোকেশন থেকে নিতে হবে। কিছু জায়গায় অনেক ভিড় হয়। দর্শকের ভিড় যাতে এক জায়গায় বেশি না হয়, সে জন্যই এটা করা,’ বলেন সহজ ডট কমের প্রধান নির্বাহী।
প্রতিটি টিকিটের দামের সঙ্গে দিতে হবে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও ২৫ টাকা অনলাইন চার্জ। অর্থাৎ অনলাইনে ১০০ টাকার একটি টিকিট কিনতে গেলে খরচ হবে ১৪০ টাকা। যদিও অতিরিক্ত এই টাকার কথা উল্লেখ করা হচ্ছে না আগে থেকে। অনলাইনে একজন সর্বোচ্চ তিনটি টিকিট কিনতে পারবেন। ম্যাচের দিন সকাল থেকে স্টেডিয়ামের বুথ থেকেও সরাসরি টিকিট কেনার সুযোগ থাকবে। সেই টিকিটের দাম আবার অনলাইনের চেয়ে কম হবে। পূর্ব গ্যালারি টিকিটের দাম ১০০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ১৫০, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড ৩০০, ভিআইপি গ্যালারি ৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ড (উত্তর-দক্ষিণ) ২০০০ টাকা।