'সাকিব এভাবেই খেলে'

শিরোনাম দেখেই বোঝা যাওয়ার কথা, কী নিয়ে কথা হচ্ছে। আজও প্রশ্নবিদ্ধভাবে আউট হয়েছেন সাকিব আল হাসান। দলের দুঃসময়ে সাকিবের অমন আউটটা চোখে লেগেছে সবার। তবে অধিনায়ক তামিম ইকবালের পূর্ণ সমর্থন পাচ্ছেন এই অলরাউন্ডার। অধিনায়করে ভাষ্যমতে, এমন আক্রমণাত্মক খেলেই তো রান করেন সাকিব।
৬৫ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে বাংলাদেশের। ৫৮ রানের মধ্যে বিদায় নিয়েছেন দুই ওপেনারই। তামিম-সৌম্য দুজনও আউট হয়েছেন অতি আক্রমণাত্মক শট খেলে। এ দুজনের অমন আউটের পর সাকিবের কাছ থেকে একটা দায়িত্বশীল ইনিংস আশা করতেই পারত দল। কিন্তু টিম সাউদির বলে বাজে একটা শট খেলে আউট হয়ে উল্টো দলকে বিপদে ফেলেছেন সাকিব।
ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসেও ঠিক একই পরিস্থিতিতে অতি-আগ্রাসী হতে গিয়ে আউট হয়েছিলেন সাকিব। তবে তামিমের মতে, সাকিবের খেলার ধরনটাই এমন, ‘সাকিবের টেস্ট সিরিজটা ভালোই গেছে। ও তো এভাবেই ব্যাট করে। আজকের পরিস্থিতি হয়তো অন্য রকম ছিল। আজকের আউটটা অন্যভাবে হতে পারত। হয়তো ও অন্যভাবে সামলাতে পারত।’
এ প্রসঙ্গে সাকিবের রেকর্ড গড়া ইনিংসকেও টেনে আনলেন তামিম। ওই ইনিংসেও আক্রমণাত্মক ছিলেন সাকিব। ২৭৬ বলে ৩১ চারে করেছিলেন ২১৭ রান। ওই ইনিংসে অনেকগুলো কাট শট ছিল সাকিবের। আজও ও রকমই এক শট খেলতে গিয়ে আউট হয়েছেন দেশ-সেরা অলরাউন্ডার। অধিনায়ক সেটাই মনে করিয়ে দিলেন, ‘ওর ২১৭ রানের ইনিংসে ৩১টা চার মেরেছিল। সেদিনও ২০-২৫টা বাউন্ডারি এ শটেই পেয়েছে। এটাই ওর শট। আজ হয়তো শটটা ভালোভাবে খেলেনি। আর যেহেতু দুটি উইকেট পড়ে গেছে, আরেকটু সাবধানে খেলতেও পারত।’
অবশ্য শুধু সাকিবকে কাঠগড়ায় দাঁড় করানো ভুল হবে। দলের সিনিয়র সব ব্যাটসম্যানই করেছেন একই ভুল। দলের প্রয়োজনে যখন একটু নিয়ন্ত্রিত ব্যাটিং দরকার ছিল, তখন উল্টো আক্রমণকেই মূল অস্ত্র বানাতে চাইলেন সবাই। ব্যাটিং ব্যর্থতার দায় তামিম নিজের কাঁধেই নিয়েছেন, ‘আমরা সহজ পথটা বেছে নিয়েছিলাম। কঠিন কাজটা (উইকেটে টিকে থাকা) করার দিকে কেউ আগ্রহ দেখায়নি। আমি নিজেও দায়ী। যদি দায়িত্ব নিয়ে খেলতাম, তাহলে হয়তো অন্য রকম কিছু হতে পারত। আমি এর দায় নিচ্ছি।’
কিন্তু এ দায় স্বীকারে তো সিরিজে ধবল ধোলাই হওয়ার দুঃখটা ভোলা সম্ভব নয়। পুরো সিরিজেই যে একই ভুল বারবার করে গেলেন ব্যাটসম্যানরা। সে জন্যই হয়তো নিউজিল্যান্ডে সিরিজ হারের পরও কন্ডিশনের অজুহাত দিতে পারছেন না অধিনায়ক, ‘আমাদের ভুলের কারণে আমরা হেরেছি, কন্ডিশনের দায় ছিল না। বরং আমি বলব পুরো সিরিজে আমরা বেশ ভালো উইকেট পেয়েছিলাম।’