'সাকিব-তামিমই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে'

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট শেষ হলো চতুর্থ দিনেই। স্পিনবান্ধব উইকেটে এটাই যেন বেশি। যে উইকেটে রান তোলা কঠিনতম কাজ, সে উইকেটেই প্রথম দিনে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ১৫৫ রানের জুটি গড়েছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। স্টিভ স্মিথের চোখে এ জুটিতেই ম্যাচের ভাগ্য লেখা হয়ে গেছে।
সিরিজের আগে সাকিব বলেছিলেন, ২-০ ব্যবধানে জিততে পারে বাংলাদেশ। এমন ভবিষ্যদ্বাণী শুনে বিস্মিত হয়েছিলেন অস্ট্রেলীয় অধিনায়ক। কিন্তু ম্যাচ শেষে স্মিথের কণ্ঠে আর বিস্ময় নেই, ‘হার অবশ্যই হতাশার। প্রথম ইনিংসের ব্যাটিং ডুবিয়েছে। দ্বিতীয় ইনিংসে ভালোই করেছি আমরা। এই উইকেটে ২৪০ রান করেছি।’
প্রথম ইনিংসে ১০ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। কিন্তু এরপর সাকিব-তামিম জুটির দাঁড়িয়ে পড়াটা স্মিথের জন্য বেশ হতাশারই। স্মিথও বলছেন সে কথা, ‘সাকিব ও তামির জুটি ম্যাচ বদলে দিয়েছে। ওদের আমরা চাপে ফেলে দিয়েছিলাম। ওই জুটি ভাঙতে না পারা হতাশাজনক। প্রথম দিনে ২৬০ রান খুব ভালো স্কোর।’
এ জয় যে বাংলাদেশের ‘প্রাপ্য’, সেটা মেনে নিয়েছেন স্মিথ। কারণ, সিরিজের আগে সাকিবের ভবিষ্যদ্বাণীতে বিস্মিত হলেও বাংলাদেশ দল যে বিপজ্জনক, সেটি জানতে অস্ট্রেলীয় অধিনায়ক, ‘গত কয়েক বছরে ওরা অনেক এগিয়েছে। খুবই বিপজ্জনক দল। বিশেষ করে এই কন্ডিশনে। ওদের ভালো কিছু খেলোয়াড় আছে। তামিম টপ অর্ডারে খুব ভালো করেছে। সাকিব প্রথম ইনিংসে ভালো করেছে, লাইন-লেংথ মেনে খুব ভালো বল করেছে। ওদের অভিজ্ঞরা খুব ভালো করছে।’
এ কারণেই হারের পেছনে অন্য কোনো কারণ খুঁজছেন না। প্রস্তুতি ম্যাচ না খেলতে পারা, পর্যাপ্ত অনুশীলনের অভাব কিংবা স্পিন-সহায়ক উইকেট—কোনো কিছুকেই ঢাল মানেননি স্মিথ, ‘কোনো অজুহাত নেই। অনুশীলনের জন্য যে উইকেট পেয়েছি, খুব ভালো ছিল।’