'সাকিব ভাইয়ের কথাটা আমাদের অনুপ্রাণিত করেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিবের কথায় কাল বদলে গিয়েছিল বাংলাদেশ। ছবি: প্রথম আলো
সাকিবের কথায় কাল বদলে গিয়েছিল বাংলাদেশ। ছবি: প্রথম আলো

আগের দিন যেখানে শেষ করেছিলেন, ঢাকা টেস্টের চতুর্থ দিন সকালে সেখানেই শুরু করেছিলেন ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথ। দেখতে দেখতে উপমহাদেশে নিজের প্রথম সেঞ্চুরিটাও তুলে নিলেন ওয়ার্নার। ম্যাচটা তখন প্রায় বেরিয়েই যাচ্ছে বাংলাদেশের মুঠো গলে? সাকিব আল হাসান তখন আশ্চর্য এক মন্ত্র পড়ে দিলেন সতীর্থদের কানে। তাতেই উজ্জীবিত পুরো দল!

টপাটপ উইকেট পড়তে থাকল অস্ট্রেলিয়ার। টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়টা তুলে নিল বাংলাদেশ। সাকিব এমন কী বলেছিলেন, যা বদলে দিল গোটা দলকে? অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ সেটি আজ বললেন সবাইকে, ‘কখনো মনে হয়েছিল, ম্যাচটা জিততে পারি। আবার ওদের জুটি বড় হলে মনে হয়েছে হারতেও পারি! কাল পানি পানের বিরতিতে সাকিব ভাইয়ের একটি কথা আমাদের ভীষণ অনুপ্রাণিত করেছে। তিনি আমাদের বললেন, গ্যালারির দর্শকেরা এসেছে বাংলাদেশের জয় দেখতে। তাদের যদি এই বিশ্বাসটা থাকে যে আমরা জিতব, তবে সেটা আমাদের কেন থাকবে না? এ কথার পর সবাই আমরা বোলিং-ফিল্ডিংয়ে অন্য রকমভাবে চেষ্টা করেছি। সাকিব ভাই ব্রেক থ্রু এনে দিলেন। দেখতে দেখতে ওরা অলআউট হয়ে গেল।’
ঢাকা টেস্ট জয়ের আরেক পার্শ্বনায়ক তাইজুল ইসলামের কাছে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই এখন কঠিন মনে হচ্ছে না, ‘গত বছর ইংল্যান্ডকে হারিয়েছি। ওদের ২-০ ব্যবধানেও হারাতে পারতাম। অল্পের জন্য পারিনি। অস্ট্রেলিয়াকে হারানো অসম্ভব কিছু নয়।’