'সাগরিকা' বিভ্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচয় থেকে প্রেম, পরিণতি—বিয়ে! বলিউডের অভিনেত্রী সাগরিকা ঘাটকের সঙ্গে সেই বিয়ের ঘোষণা দিয়েছেন জহির খান। তবে তাঁর এই ঘোষণার চেয়ে বড় খবর হয়ে গেল অনিল কুম্বলের ভুল। চলতি আইপিএলই এবার একই সূত্রে গেঁথেছে ভারতের ক্রিকেট কোচ ও সাবেক পেসারকে। দিল্লি ডেয়ারডেভিলসের কোচ কুম্বলে, অধিনায়ক জহির। তো অধিনায়কের বিয়ের ঘোষণার পর ডেয়ারডেভিলসের পক্ষ থেকে কুম্বলে জহিরের হবু স্ত্রীকে ট্যাগ করে টুইট করেছিলেন। কিন্তু সাগরিকা ঘাটকেকে নয়, কুম্বলে ট্যাগ করলেন সাগরিকা ঘোষ নামের এক সাংবাদিককে। পরে সাগরিকা ঘোষই রিটুইট করে কুম্বলেকে জানিয়ে দেন, ‘বার্তাটা ভুল সাগরিকার কাছে এসেছে, স্যারজি। আমি দুই বাচ্চার মা!’ ভুল বুঝতে পেরে অবশ্য দ্রুতই টুইটটি মুছে দিয়েছেন কুম্বলে। আইএএনএস।