'সাধারণ প্রক্রিয়ার বাইরেও চেষ্টা করছে বিসিবি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজমুল হাসান। ফাইল ছবি
নাজমুল হাসান। ফাইল ছবি

তাসকিন আহমেদ ও আরাফাত সানি নিষিদ্ধ হওয়ার পর বিসিবির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেতে দেরি হওয়ায় ক্রিকেট সমর্থকদের মধ্যে ক্ষোভ আছে। বিসিবি কী করছে, এ ব্যাপারে তা জানতে সমর্থকদের মধ্যে একটা উদ্বেগ থাকাই স্বাভাবিক। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, কোনো দেশের বোলার নিষিদ্ধ হওয়ার পর এখন পর্যন্ত যত ত্বরিত পদক্ষেপ নেওয়া হয়েছে, এবারের মতো কেউ নেয়নি।

আজ সাংবাদিকদের নাজমুল জানিয়েছেন, বিষয়টি নিয়ে সাধারণ প্রক্রিয়ার বাইরেও চেষ্টা করছে বিসিবি। সাধারণ প্রক্রিয়া হলো বিষয়টি নিয়ে আপিল করা। কিন্তু সেটি শেষ হতে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। বিসিবি তাই ক্রিকেটীয় কূটনীতির পথও খোলা রাখছে। বিসিবি সভাপতি এরই মধ্যে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ও প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের সঙ্গে ফোনে কথা বলেছেন।

নাজমুল জানিয়েছেন, আইসিসির কাছে জানার পর থেকেই পুরো বিষয়টি নিয়ে তাঁরা আইনজীবীর সঙ্গে কথা বলেছেন। করণীয় ঠিক করেছেন। বিষয়টি নিয়ে বিসিবি আর সবার মতোই উদ্বিগ্ন। কিন্তু বিসিবির প্রতিক্রিয়া জানানোর প্রক্রিয়া আর সবার মতো হবে না। সেটার আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া আছে।

বিসিবি চেষ্টা করছে এর বাইরে কূটনৈতিক প্রক্রিয়ায় কিছু করা যায় কি না। এ জন্যই মনোহরদের ফোন দেওয়া।


দেখা যাক, বিসিবি কত দূর কী করতে পারে।