'সাব্বির ছন্দে ফিরবে'

আয়ারল্যান্ডে এসেই তিন অঙ্কের দেখা পেয়েছেন সাব্বির রহমান। বেলফাস্টে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ রান উৎসব করেছে সাব্বিরের দুর্দান্ত সেঞ্চুরিতে চড়েই। কিন্তু ত্রিদেশীয় সিরিজে এই টপ অর্ডার ব্যাটসম্যান দেখছেন মুদ্রার অন্য পিঠ। তবে প্রথম দুই ম্যাচে রান না পাওয়া সাব্বিরকে নিয়ে চিন্তিত নন মাশরাফি বিন মুর্তজা।
প্রস্তুতি ম্যাচে ভালো করলে আত্মবিশ্বাস বাড়ে। কিন্তু গা গরম ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাসটা এখনো কাজে লাগাতে পারেননি সাব্বির। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে পাগুলে শট খেলতে গিয়ে ফিরেছেন শূন্য রানে। কাল কিউই স্পিনার মিচেল স্যান্টনারের বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ১ করে।
যদিও দুই ম্যাচের পারফরম্যান্স দেখে একজন খেলোয়াড়কে মূল্যায়ন করা কঠিন। মাশরাফি তাই আস্থা হারাচ্ছেন না। অধিনায়ক মনে করেন, দ্রুতই ব্যাট হাসবে নিয়মিত তিনে ব্যাটিং করা সাব্বিরের, ‘সে তিনেই ভালো খেলে এসেছে। অবশ্যই এই ধরনের উইকেটে একটু চ্যালেঞ্জ থাকে বিশেষ করে উপমহাদেশ থেকে আসা ব্যাটসম্যানদের জন্য। আশা করি নিজের ভুলগুলো সে ধরতে পারবে। ও ছন্দেই ছিল। দুই ম্যাচ রান করতে পারেনি। আমার বিশ্বাস সে ছন্দে ফিরবে।’
সামনের ম্যাচগুলোয় ভালো করার তাড়না সাব্বির নিজেও নিশ্চয় অনুভব করছেন।