'সিদ্ধান্ত যা নেওয়ার আইসিসিই নেবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার টেস্ট সফর বাতিলের ঘোষণা অনেকটাই অপ্রত্যাশিত খবর হয়ে এসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। তবে এবার যে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও অস্ট্রেলিয়া দল পাঠাবে না, এমনটা আগে থেকেই অনুমান করতে পারছিল বিসিবি। বাংলাদেশ যুব বিশ্বকাপের আয়োজক দেশ হলেও টুর্নামেন্টটি আইসিসির। অস্ট্রেলিয়া তাদের যুব দলকে বিশ্বকাপ খেলতে না পাঠানোর ব্যাপারে যা করণীয়, সেটি আইসিসিই করবে বলে জানিয়েছে বিসিবি।


বিসিবির মিডিয়ার কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস প্রথম আলোকে বলেছেন, ‘অস্ট্রেলিয়া যে দল পাঠাচ্ছে না সেটি শুনেছি। এ ব্যাপারে আসলে আমাদের কিছুই করার নেই। এটি আইসিসির টুর্নামেন্ট। আ​ইসিসিই এখন আমাদের জানাবে করণীয় কী। আমরা আমাদের পক্ষ থেকে যা করতে পারতাম সেটাই করেছি—সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। আইসিসি আমাদের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট। যেখানে আইসিসিই সন্তুষ্ট, এখন নির্দিষ্টভাবে কোনো দেশ যদি আসতে না চায়, আমরা আর কী করতে পারি?’

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলও ঘুরে গেছে। তখন তাদের নিশ্চিত করা হয়েছিল, বাংলাদেশ সরকার অতিথি দলগুলোকে সর্বোচ্চ নিরাপত্তা দেবে। সাধারণত যে নিরাপত্তা সফররত রাষ্ট্রপ্রধানদের দেওয়া হয়। অস্ট্রেলিয়া প্রতিনিধি দল তখন সন্তোষ প্রকাশ করে গেলেও তখনই বিসিসি অনুমান করতে পেরেছিল, প্রতিনিধি দল পাঠানো অনেকটাই লোক দেখানো। বাংলাদেশে না-আসার ব্যাপারে আগের সিদ্ধান্তেই অটল আছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ক্রিকেট অস্ট্রেলিয়া টেস্ট সফর স্থগিত করার পরপরই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডও তাদের নারী দলের বাংলাদেশ সফর স্থগিত করে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এবারও সিএর এই সিদ্ধান্ত বাকি দেশগুলোকে প্রভাবিত করতে না তো? ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোও তো অংশ নিচ্ছে এই বিশ্বকাপে। জালাল ইউনুস বললেন, ‘আইসিসি আমাদের কাছ থেকে নিরাপত্তা পরিকল্পনা চেয়েছিল। আমরা সেটি পাঠিয়েছি। আমাদের নিরাপত্তা পরিকল্পনায় আ​ইসিসি সন্তুষ্ট। এখন যেহেতু এই টুর্নামেন্ট আইসিসির, আমরা সেটি তাদের কাছে বুঝিয়ে দেব। এই টুর্নামেন্ট আয়োজক হিসেবে আমাদের যা দায়িত্ব সেটি পালন করব। তবে টুর্নামেন্টের অভিভাবক আইসিসি, তারাই সব সিদ্ধান্ত নেবে। কোনো দল যদি আসতে না চায়, তাদের আস্থায় নেওয়া বা তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বও আইসিসির।’

২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের পাঁচটি শহরের সাতটি ভেন্যুতে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ১৬টি দেশ এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা। ‘ডি’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়া নাম প্রত্যাহার করে নেওয়ায় ওই গ্রুপে থাকল তিনটি দল—ভারত, নিউজিল্যান্ড ও নেপাল।